সিসিইউতে ‘উজান ভাটি’ সিনেমার পরিচালক সি বি জামান
হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি আছেন চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। পরিচালকের ছেলে সি এফ জামান আজ প্রথম আলোকে জানান, গতকাল শনিবার বিকেলে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিচালক জামানকে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষায় তাঁর হৃদ্রোগ শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।
হৃদ্রোগের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন ৮২ বছর বয়সী সি বি জামান।
এর আগে ২০১৯ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক জামান।
আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন পরিচালক জামান।