নিপুণকে মানহানিকর কী বলেছেন জায়েদ, জানালেন তিনি নিজেই
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুণ আক্তার। এবার এই সাধারণ সম্পাদক নিয়ে মানহানির মন্তব্যে সদস্যপদ স্থগিত হতে পারে জায়েদ খানের। সেটা আগামীকাল রোববার জানা যাবে। নিপুণের মানহানিকর বক্তব্য প্রসঙ্গে কথা বললেন জায়েদ। নিপুণকে নিয়ে কী ধরনের মানহানিকর কথা বলেছিলেন জায়েদ?
গত ২২ ফেব্রুয়ারি নিপুণের কারণ দর্শানোর চিঠিতে জায়েদ খানকে বলা হয়, ‘বিগত কয়েক দিন যাবৎ আপনি (জায়েদ খান) বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সমিতির একজন সদস্য ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছেন, যা সমিতির সাধারণ সদস্য, চলচ্চিত্রের মানুষ তথা সারা দেশের দর্শকদের কাছে শিল্পীদের ও শিল্পী সমিতির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করেছে, যার প্রমাণ আছে। এমন বক্তব্য সমিতির সদস্য হিসেবে কাম্য নয়।’ এই চিঠির উত্তর দিতে পারেননি জায়েদ। শিল্পী সমিতির একটি সূত্র জানায়, নিয়ম অনুযায়ী চিঠির উত্তর দিতে হয়। কিন্তু জায়েদ উত্তর দেননি। এই পরিপ্রেক্ষিতে আগামীকাল তাঁর সদস্যপদ স্থগিত করা নিয়ে আলোচনা হবে।
জায়েদ কেন কারণ দর্শানোর চিঠির উত্তর দিতে পারেননি? নিপুণ স্বাক্ষরিত সেই চিঠির পরিপ্রেক্ষিতে জায়েদ বলেন, ‘আমি তার সম্পর্কে কিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছি, কী এমন মানহানিকর বাজে কথা বলছি?
তার সম্পর্কে কথা বলতেই আমার ইচ্ছা হয় না। একের পর এক সে অন্যায় করে যাচ্ছে। দেখেও চুপ থাকি। যে কারণে সে ৭–এর ক ধারায় আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সেই ধারায় লেখা আছে, সংগঠনপরিপন্থী, সংগঠনের উদ্দেশ্যের পরিপন্থী ও রাষ্ট্রদ্রোহমূলক কোনো কাজ করলে তাঁর সদস্যপদ বাতিল হবে। আমি কেন সংগঠনপরিপন্থী, সংগঠনের উদ্দেশ্যের পরিপন্থী ও রাষ্ট্রদ্রোহমূলক কথা বলতে যাব? সংগঠন আমার কাছে আবেগের নাম। দেশের প্রতি ভালোবাসা আছে। আমি সুনাগরিক। অথচ আমাকে বিপদে ফেলতে চিঠি দিয়েছে।’
অভিনেত্রী নিপুণ আক্তারের উদ্দেশে মানহানিকর কিছু বলেছেন কি না, জানতে চাইলে জায়েদ বলেন, ‘সে আমার সম্পর্কে বহুত খারাপ কথা বলছে। আমাকে দালাল, নির্লজ্জ...বহুত কিছু বলছে। আমি উত্তর দিতে গিয়ে হয়তো নির্লজ্জ, বেহায়া এমন শব্দগুলোই ব্যবহার করেছি। শুধু এ জন্যই অন্যায়ভাবে আমার সদস্যপদ বাতিলের চেষ্টা করবে? এটা হাস্যকর।
সে জেনেবুঝে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। জানত, আমি দেশের বাইরে। চিঠি নিয়ে কিছু জানতে পারব না। এই সুযোগে আমাকে হেনস্তা করার পাঁয়তারা করে। এখন সে নিজেই সাংবাদিকদের বলছে, “আপনারা রোববার আসেন।” তার মানে আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছে। মিটিংয়ের আগেই সব ঘোষণা দেওয়ার অর্থ কি আমরা বুঝি না?’
এই সময় মনঃক্ষুণ্ন হয়ে জায়েদ আরও বলেন, ‘আমি এখন টোটালি এফডিসিতে যাই না। তারপরও তাদের মন ভরে না। তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে মগের মুল্লুক। কিন্তু এই যুগে কীভাবে মগের মুল্লুক হয়। সে কী পেয়েছে! শুধু তা–ই নয়। সিনিয়র অভিনেত্রী সুচরিতা, আমাদের অভিনেতা রুবেল ভাই নির্বাচিত। সমিতির দায়িত্ব থেকে তাঁদের সদস্যপদ বাতিল নৈরাজ্যের শামিল। সুচরিতা আপা ও রুবেল ভাইয়ের সদস্যপদ বাতিল প্রমাণ করে অনিয়মের চরম প্রতিযোগিতায় লেগেছে তারা।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। প্রথম দিকে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। পরে স্থগিত হয় সাধারণ সম্পাদকের পদ। এ নিয়ে উচ্চ আদালতে যেতে হয় সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের। অবশেষে গত নভেম্বরে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সময় আপিল বিভাগের আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তাঁর অন্যতম আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
সেই সময় জায়েদ খান বলেছিলেন, হাইকোর্ট আগের যে অর্ডার ছিল, সেটা স্টে (স্থগিত) করেছেন। তাঁদের (নিপুণের) আইনজীবী যে আপিল করেছিলেন, সেটা হাইকোর্ট গ্রহণ করেছেন। এখন আবার আপিলের শুনানি হবে। চূড়ান্ত রায় হয়ে গেছে, মামলা ডিসমিস—বিষয়টা এমন নয়। এখনো সুযোগ আছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হয়নি। এখন লিভ টু আপিলের সুযোগ রয়েছে। জায়েদ জানান, এখনো তিনি চূড়ান্ত ন্যায়বিচার পাবেন, এমন আশায় রয়েছেন।