ছবি নিয়ে লন্ডন যাচ্ছেন রাফী, ‘তুফান’-‘তাণ্ডব’–এর সিকুয়েল কি হচ্ছে

রায়হান রাফী
ফেসবুক থেকে

বেশ কদিন ধরেই শোনা যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী আবার ফিরছেন সিকুয়েল নিয়ে। তাঁর এই সিকুয়েল জনপ্রিয় সিনেমা ‘তুফান’ ও ‘তাণ্ডব’–এর। এটাও শোনা যাচ্ছে, দুটি সিনেমার যেকোনো একটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এমনকি সেই সিনেমার প্রি-প্রোডাকশন নিয়েও নাকি ব্যস্ত এই পরিচালক। আসলে সত্য তথ্য কী?

সিনেমার সিকুয়েল আসছে কি না, এই প্রশ্নের মুখে অনেকটাই চুপ রায়হান রাফী। তাহলে কি ঈদে আসছে এই নির্মাতার সিকুয়েল? কারণ, সর্বশেষ ‘প্রিন্স’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সিনেমা দুটির প্রযোজক। যে কারণেই মূলত ছড়াতে থাকে ‘প্রিন্স’ সিনেমার কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় শাকিব সিকুয়েলে নাম লেখাবেন।

‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার

এমন জল্পনাকল্পনার অবশেষে অবসান ঘটালেন রাফী। তিনি প্রথম আলোকে জানালেন, আগামী ঈদে তাঁর নতুন সিনেমা আসছে। তবে এটা প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণার আগে এ নিয়ে তিনি কিছুই বলতে চান না। সেই সিনেমা কি ‘তুফান’ বা ‘তাণ্ডব’ সিনেমার সিকুয়েল? এমন প্রশ্নে রাফী বলেন, ‘আমি আপাতত কোনো সিকুয়েল নিয়ে আসছি না। সিনেমা দুটির (‘তুফান’, ‘তাণ্ডব’) সিকুয়েল নিয়ে এই ঈদে ভাবছিও না। তবে ঈদে সিনেমা আসতে পারে। সেটা সময় হলেই প্রযোজক জানাবেন।’

রায়হান রাফী–শাকিব। ছবি: ফেসবুক

এদিকে ঈদে রায়হান রাফী ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সে স্বল্পসংখ্যক সিনেমা হল নিয়ে এখনো সিনেমাটি প্রতিযোগিতা করছে। পরিচালকের মতে, সিনেমাটির ব্যবসায়িক সাফল্যে তাঁরা খুশি। যতটা ভেবেছিলেন, তার চেয়েও সিনেমাটি এখনো ভালো চলছে।

এ সময় সিনেমাটি নিয়ে সুখবর দিয়ে রাফী প্রথম আলোকে আরও জানালেন, এবার লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে যুক্তরাজ্য প্রিমিয়ার হবে তাঁর সিনেমা। নবম এই আয়োজনে ‘প্রেশার কুকার’ ২২ এপ্রিল প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক সিনেমা। এ ধরনের সিনেমা ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা পায়। সেখানে আমাদের সিনেমাটি হলে এখনো ভালো চলছে। এর মধ্যেই আবার সিনেমাটির প্রিমিয়ারের জন্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়েছি। সব মিলিয়ে আমরা সিনেমা নিয়ে খুশি।’

আরও পড়ুন
‘প্রেশার কুকার’ ছবির পোস্টার
সংগৃহীত

জানা যায়, স্বল্পসংখ্যক হল নিয়ে ‘প্রেশার কুকার’ সিনেমাটির ১৯ দিনে আয় ১ কোটি ৩০ লাখ টাকার মতো। এদিকে চলতি সপ্তাহ থেকে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে থেকে সিনেমাটি নর্থ আমেরিকাসহ বেশ কিছু জায়গায় মুক্তি পাবে। সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, নাজিফা তুষি প্রমুখ।