ফিরছেন দীঘি, মুক্তির পথে ‘বিদায়’
গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহাকে সামনে রেখে প্রেক্ষাগৃহে ফিরতে যাচ্ছেন তিনি নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে।
পরিচালক মেহেদী হাসানের এই ছবিটি ঘিরে শুটিং শুরুর পর থেকেই ছিল আলোচনা।
‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে। শুরুতে পরিকল্পনা ছিল, চলতি বছরের ঈদুল ফিতরেই ছবিটি মুক্তি পাবে। তবে শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। একই সময়ে পরিচালক মেহেদী হাসান ‘রাক্ষস’ সিনেমার কাজ শুরু করেন, যা এবার ঈদে মুক্তি পেয়েছে।
তবে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। গতকাল শুক্রবার জানা গেছে, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগির ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে শুক্রবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন দীঘি। তিনি জানান, ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের শুটিংও এখনো সম্পন্ন হয়নি। দীঘি বলেন, ‘আমাদের পরিকল্পনা চলছে, খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটা গল্পে ছবিটি তৈরি হচ্ছে। এমন গল্পের সিনেমা আমাদের এখানে হয়নি।’
জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ছবিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা। কথা প্রসঙ্গে দীঘি বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এখানে আবেগ আছে, বাস্তবতা আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত আছে। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখে হল থেকে বের হওয়ার পরও এর গল্পটা তাঁদের ভেতরে রয়ে যাবে। এমন কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে ছবিটি দেখবেন।’
ছবির প্রযোজকও বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘অনেকেই জানতে চান, আমাদের সিনেমার নায়ক কে? আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’ ‘বিদায়’–এর পাশাপাশি দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।