১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে চমকে দিল ‘আন্ধার’

‘আন্ধার’–এর টিজারে সিয়াম। ভিডিও থেকে

দেশে সেভাবে বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত হয়নি। সে জায়গা থেকে রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল ভক্তদের। মাসখানেক ধরে প্রচারের অংশ হিসেবে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ‘ফাঁস’ করছিলেন নির্মাতা, সেসব দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনাও হয়েছে। গতকাল সিনেমার টিম ঘোষণা দেয়, সন্ধ্যা সাতটায় আসবে টিজার। কথামতো ঠিক সময়েই প্রকাশিত হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। ২২১বি ফ্লিমসের ইউটিউব চ্যানেলে মুক্তির পরই সাড়া ফেলেছে টিজারটি।

রাফীর আগের সিনেমাগুলোর মতোই ‘আন্ধার’–এর টিজারেও সংলাপ নেই। কেবল আবহসংগীত আর চরিত্রগুলোর লুক আর বিভিন্ন চমকপ্রদ দৃশ্য রাখা হয়েছে। গল্প সম্পর্কেও ধারণা দেওয়া হয়নি। তবে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, মোস্তাফা মন্ওয়ারসহ সব প্রধান চরিত্রকেই দেখা গেছে। পুরো টিজারেই রাখা হয়েছে ধূসর আবহ, রাখা হয়েছে সিয়ামের কয়েকটি অ্যাকশন দৃশ্যের ঝলক।

শুভ ইসলাম নামে এক দর্শক ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘রায়হান রাফীর মোটামুটি সব কাজ আমার দেখা, “পোড়ামন ২”, “দহন”, “পরান”, “সুড়ঙ্গ”, “তুফান”, “তাণ্ডব”, “টান”, “জানোয়ার”, “ফ্রাইডে”, “অমীমাংসিত”, “প্রেশার কুকার”, “দ্য ডার্ক সাইট অব ঢাকা”, “অক্সিজেন”, “৭ নাম্বার ফ্লোর”,  “খাঁচার ভিতর অচিন পাখি”—সব কাজ আমার দেখা। রাফী ভাই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, এটাই সব থেকে ভালো লাগার বিষয়।’

‘আন্ধার’ সিনেমার পোস্টার থেকে। নির্মাতার ফেসবুক থেকে

অমি নামে আরেক দর্শক লিখেছেন, ‘লুক, আবহসংগীত আর চমক মিলিয়ে টিজারটা জাস্ট ওয়াও হয়েছে।’

রাফসান নামে আরেক দর্শক আবার টিজারের ডার্ক থিম আর প্রস্থেটিক মেকআপের প্রশংসা করেছেন।

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দুই ব্যান্ডশিল্পী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা নানা ভূতের গল্প ও অভিজ্ঞতা থেকেই ‘আন্ধার’–এর গল্পের ভাবনা এসেছে।

আরও পড়ুন

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের আয়োজন ‘আন্ধার’। সিনেমাটির বড় একটি অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। রাফীর বিশ্বাস, দেশের চলচ্চিত্রে হরর ঘরানায় দীর্ঘদিনের যে শূন্যতা রয়েছে, ‘আন্ধার’ তা অনেকটাই পূরণ করতে পারবে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
আগামী অক্টোবরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘আন্ধার’ সিনেমার দৃশ্য। ছবি : প্রযোজনা সংস্থার সৌজন্যে