সিনেমা হিট হওয়ার রহস্য জানালেন রাফী
বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে ধারাবাহিকভাবে আলোচিত নাম রায়হান রাফী। ‘পরাণ’ সিনেমার পরে তাঁর পরিচালিত বেশির ভাগ সিনেমাই মুক্তির পর দর্শকের আগ্রহ, প্রশংসা ও বক্স অফিসে সাফল্য পেয়েছে। কেন তাঁর সিনেমা বারবার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়—সম্প্রতি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই নির্মাতা। গল্প বাছাই থেকে নির্মাণের ধরন, নিজের সাফল্যের পেছনের কারণগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন রায়হান রাফী।
রাফী একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে কথা বলেন। এই সময় তিনি ভক্তদের উদ্দেশে জানান, তাঁর সিনেমার সফল হওয়ার পেছনের রহস্য। রাফী বলেন, ‘আমার সিনেমা হিট হওয়ার পেছনের গল্প, আমার গল্পে মানুষ তাঁদের জীবনকে খুঁজে পান। সেই চরিত্রের মধ্যেই তাঁরা নিজেদের খোঁজেন।’
অনেকেই মনে করেন, কোনো অপরাধ দেখলেই রায়হান রাফী সেটা নিয়ে সিনেমা বানাতে চান। যে কারণে তাঁর সিনেমা হিট হয়। তবে প্রসঙ্গে দ্বিমত পোষণ করলেন এই পরিচালক। তিনি বলেন, ‘আমার সিনেমা জীবন থেকে গল্প নিয়ে বানানো হয়। আমার সিনেমায় দর্শকেরা চরিত্রের সঙ্গে নিজেদের রিলেট করতে পারে। আমার চরিত্র অনন্যা (বিদ্যা সিনহা মিম) বা রোমান (শরীফুল রাজ) চরিত্রের মধ্য দিয়ে অনেকেই অনেকের প্রাক্তন বা কাছের মানুষের সঙ্গে মিল পান। এখানে ছেলেটা পড়াশোনা করে না, কিন্তু সে প্রেম করতে চায়। এই গল্প আমাদের চারপাশের।’
রাফী আরও বলেন, ‘আমাদের চারপাশে অনেক মেয়েই আছে, যাদের মধ্য দিয়ে অন্যন্যাকে দেখানো হয়েছে। মেয়েটা কলেজে একটি ছেলের সঙ্গে প্রেম করছে, কিন্তু বিয়ে করতে চায় অন্যকে। এই যে কারও জীবনের গল্প, এটা আমি জানতে চাই। আমি সব সময় মানুষের জীবনের গল্প শুনতে চাই। সিনেমার মাধ্যমেই জীবনকে তুলে ধরতে চাই। যে কারণে আমার সিনেমাগুলো দর্শক গ্রহণ করে। সিনেমা হিট হয়।’
রায়হান রাফী বর্তমানে ‘প্রেশার কুকার’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ঈদে মুক্তি পাবে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি। তাঁকে নিয়েই ‘হোয়াট এ শো’তে হাজির হয়ে কথাগুলো বলেন রাফী। তিনি ‘পোড়ামন-২’ দিয়ে সিনেমার ক্যারিয়ার শুরু করেন। পরে ‘দহন’, ‘টান’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ বানিয়ে আলোচনায় আসেন।