জন্মের পরেই শুরু হয় দমের খেলা...
পোস্টার, টিজারের পর এল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দম’–এর অফিশিয়াল ট্রেলার। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চরকি, এসভিএফ ও আলফা–আই স্টুডিওজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ট্রেলারটি। ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে সিনেমাটির বিভিন্ন ঝলক।
ট্রেলারটি শুরু হয় ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর ভয়েস ওভার দিয়ে, গল্প এগিয়ে চলে বাংলাদেশ থেকে বিদেশে প্রতিকূল পরিবেশে।
ভয়েস ওভারে নিশোকে বলতে শোনা যায়, ‘জন্মের পরেই শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যহন আপনি খুব কাছাকাছি, তহন দম ধইরা রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরও কষ্ট।’ ট্রেলার দেখে বোঝা যায়, নিশো অভিনীত নূর চরিত্রটিকে একটি গোষ্ঠী আটকে রেখে মুক্তিপণ দাবি করে, না দিলেই হত্যা করা হবে।
ট্রেলারে দেখা যায়, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত চরিত্রের ঝলকও। এর আগে গতকাল ‘দম’ টিম জানায়, সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে সিনেমাটি। জানা যায়, সিনেমাটি ‘ইউ’ (U) গ্রেডে এই সনদ পেয়েছে। এর অর্থ সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।
ঘোষণার সময় থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। বিশেষ করে ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এর আগে পোস্টার ও টিজার দেখে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রশংসার করেছেন দর্শকেরা।
‘দম’ সিনেমার চরিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে পবিত্র ঈদুল ফিতরে।