‘দেলুপি’র প্রশংসায় ভারতীয় নির্মাতা অনুরাগ কশ্যপ
গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’। দেশে মুক্তির পর প্রশংসিত সিনেমাটি অংশ নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার সিনেমাটি দেখে প্রশংসা করলেন প্রখ্যাত ভারতীয় নির্মাতা অনুরাগ কশ্যপ।
গতকাল রোববার নির্মাতা তাওকীর নিজের ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেটি সিনেমা রিভিউ সাইট ‘লেটারবক্স’–এর অনুরাগ কশ্যপের লেখা। ‘দেলুপি’ নিয়ে অনুরাগের লেখার স্ক্রিনশট শেয়ার করে তাওকীর লিখেছেন, ‘অনুরাগ কশ্যপ “দেলুপি” দেখে নিজের ভাবনা জানিয়েছেন। আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না।’
‘লেটারবক্স’–এ অনুরাগ ‘দেলুপি’ নিয়ে লিখেছেন, ‘ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে, সেটাই দেখা যায় “দেলুপি” গ্রামের গল্পে। শাসনব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামের কথা দেখছি। ভীষণ ভালো লেগেছে।’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
গত বছরের ৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেলুপি’। খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি।
‘দেলুপি’তে দেখা যায় দেশের সরকারপ্রধান সাধারণ মানুষের গণবিপ্লবের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেই ভয়াবহ বন্যা প্লাবিত করে একটি গ্রামের জীবন। মানুষের ঘরবাড়ি, রুজিরোজগার, পথঘাট—এক রাতেই সব ভেসে যায়। যাত্রাশিল্পী পরিবারের ছেলে পার্থ (চিরঞ্জিৎ বিশ্বাস) ধীরে ধীরে পরিবারের ভেঙে পড়া প্রত্যক্ষ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন হতাশা, তখনই পার্শ্ববর্তী গ্রামের নূপুরের (অদিতি রায়) সঙ্গে তাঁর সম্পর্ক হয়ে ওঠে আশ্রয়ের মতো। এই প্রেমই গল্পে এনে দেয় সূক্ষ্ম উষ্ণতা, যা কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে আরও উজ্জ্বল হয়ে ওঠে।
সিনেমাটি পরে জায়গা করে নেয় রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।