জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: আবেদন করতে যা যা লাগবে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ এ ‘প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন করা যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম বা ছক বিনা মূল্যে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট www.bfcb.gov.bd থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।
গতকাল সোমবার বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আবেদনপত্র আহ্বান করা হয়। এতে বলা হয়, শুধু বাংলাদেশি নাগরিকরাই পুরস্কারের জন্য বিবেচিত হবেন এবং জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে আজীবন সম্মাননা পুরস্কারের জন্য।
যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হলেও সেই চলচ্চিত্রের বিদেশি শিল্পী এবং কলাকুশলীদের পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সেন্সর সনদপত্র প্রাপ্ত এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হলেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কোনো বাধ্যবাধকতা না থাকলেও ২০২১ সালে সেন্সর সনদপত্র ছাড়পত্র থাকতে হবে।
অংশগ্রহণকারী প্রযোজকদের তাঁদের নিজ নিজ চলচ্চিত্রের একটি উন্নতমানের ডিভিডি বা পেনড্রাইভ এবং নির্ধারিত ছকে প্রযোজক, পরিচালক এবং সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম, প্রত্যেকের ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানা, টেলিফোন, মোবাইল নম্বর, ই-মেইলসহ জীবনবৃত্তান্ত (বাংলায়), চলচ্চিত্রের কাহিনিসংক্ষেপ, শিল্পী ও কলাকুশলীর তালিকা এবং গানের কথাসংবলিত ১৫ সেট পাঠাতে হবে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান ও জুরি বোর্ডের সদস্যসচিব বরাবর এসব পাঠাতে হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রতিযোগিতায় অংশ নিতে এসব ডকুমেন্ট তথ্য ভবন (১৪ তলা), ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৬ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১–এর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে। এই বোর্ডের সদস্যসচিব বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে-এ জুরি বোর্ড ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ মূল্যায়নপূর্বক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা চলচ্চিত্রের নাম সুপারিশ করবে।