টাকা কেটে নিলেও টিকিট মিলছে না, স্টার সিনেপ্লেক্সে দর্শকের ভোগান্তি
স্টার সিনেপ্লেক্সের দর্শকের কেউ কেউ অভিযোগ করছেন, অনলাইনে ঈদের সিনেমার টিকিট কাটতে গিয়ে ভোগান্তির মুখে পড়েছেন তাঁরা। টিকিটের নির্ধারিত অর্থ কেটে নেওয়া হলেও তাঁরা টিকিট পাননি। ফলে সিনেমা না দেখেই ফিরতে হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল ও এসকেএস টাওয়ার শাখা ঘুরে দর্শকের কাছে বেশ কিছু অভিযোগ পেয়েছে প্রথম আলো।
গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে বসুন্ধরা সিটি শপিং মল শাখার অনলাইন টিকিট কাউন্টারের সামনে দর্শকের জটলা দেখা গেছে।
‘আমাদের হয়রানি করা হলো কেন?’ —কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জানতে চাইলেন এক নারী দর্শক। পাশে থাকা আরেক দর্শক বললেন, ‘আমি টাকা পাঠিয়েছি। আমার কাছে প্রমাণ আছে। আমাকে টিকিট দিয়ে দেন। আমি ওয়ারী থেকে কষ্ট করে আসলাম, এই ভোগান্তির দায় কে নেবে?’
ঘটনার ভিডিও ধারণ করা হলে কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিটি প্রথম আলোর সংবাদকর্মীকে ভিডিও করতে বারণ করেন। দর্শকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
ভুক্তভোগী দর্শকেরা বলছেন, টাকা কেটে নিলেও স্টার সিনেপ্লেক্স কেন তাঁদের টিকিট দিচ্ছে না?
ওয়ারী থেকে বসুন্ধরা সিটি শপিং মল শাখায় আসা দর্শক আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোর ৫টা ৪২ মিনিটে টিকিট কেটেছি। টাকাও কেটে নিয়েছে, কিন্তু টিকিট আসেনি। সিনেপ্লেক্সে তিন দিন ধরে ফোন দিচ্ছি, তাঁরা ফোনই রিসিভ করে না। টাকা যে কেটে নিয়েছে, সেটার ব্যবস্থা কী—সেটা তাঁরা জানাচ্ছেনই না।’
বসুন্ধরা সিটি শপিং মল শাখায় ১০ মিনিটে অন্তত আটজনকে একই অভিযোগ নিয়ে আসতে দেখা গেছে। যাঁরা সবাই অনলাইনে টিকিট কেটেছিলেন।
স্টার সিনেপ্লেক্সের এসকেএস শাখা ঘুরেও দেখা গেছে, সেখানেও একই অভিযোগ নিয়ে আসছেন দর্শকেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা সিটি শপিং মল শাখার কাউন্টাররে থাকা ব্যক্তিরা কথা বলতে চাননি। হৃদয় নামে স্টার সিনেপ্লেক্সের এক কর্মী জানান, সার্ভার ডাউনের কারণে এমনটা ঘটেছে।
বিষয়টি নিয়ে সমালোচনার মুখে এক ফেসবুক পোস্টে স্টার সিনেপ্লেক্স লিখেছে, অনলাইন টিকিটিং–সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে ইনবক্স যোগাযোগ করুন। সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকে অভিযোগ জানিয়েছেন।
শাজনীন শিমু নামে এক দর্শক লিখেছেন, ‘গতকাল বিকাশ থেকে পেমেন্ট করতে গিয়ে আটকে গিয়েছে। সেই টাকা এখনো রিফান্ড হয় নাই।’
ফাহমিদা ইশা নামে আরেক দর্শক লিখেছেন, ‘টিকিটের টাকা বিকাশ পেমেন্ট করার পরেও টিকিট কনফার্ম হয় নাই। তিন হাজার টাকা নষ্ট, কিন্তু এখনো টিকিট কনফার্ম হয়নি। কাস্টমার কেয়ারে কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি।’
ইশরাত জাহান নামে আরেক দর্শক জানতে চেয়েছেন, টাকা ফেরত পাব?
অভিযোগের বিষয়ে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, টিকিটের অর্থ শিগগিরই ফেরত দেওয়া হবে।
ভোক্তা অধিকারে অভিযোগ করবেন এক দর্শক
স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করবেন কামরুজ্জামান বাবু; যিনি পেশায় একজন সংবাদকর্মী। তাঁর অভিযোগ, নির্ধারিত একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা কেটে নেওয়ার পরও তাঁকে টিকিট দেওয়া হয়নি।
কামরুজ্জামান বলেন, ‘সাড়ে তিন ঘণ্টার ট্রাই করে দুটি টিকিট পেয়েছিলাম। টাকা কেটে নেওয়া হয়েছে। পরে আমাকে বলা হয়েছে, টিকিট আসেনি। পরদিন স্টার সিনেপ্লেক্সকে ফোন করলাম, মেসেজ করলাম। কেউ যোগাযোগ করেনি। কাস্টমার সার্ভিস থেকে অদায়িত্বশীল আচরণ করেছে। টাকাটা ফেরত দেওয়ার প্রযোজনবোধ করেনি তো বটেই, এর কোনো সদুত্তরও দেয়নি। সেটার প্রতিকার চেয়ে ও ভবিষ্যতে কোনো ধরনের বিড়ম্বনায় যেন না পড়েন দর্শক, সেটার জন্য ভোক্তা অধিকারে প্রতিকার চাইব।’