আপনারা হলে না আসেন, তাহলে আমাদের কষ্ট বৃথা যাবে...
২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ছবিটির হলের সংখ্যা। প্রচারের অংশ অংশ হিসেবে গতকাল যশোরে যায় অপারেশন সুন্দরবন টিম। দুপুরে শহরের লালদীঘির পাড়ের হরিসভা মন্দিরে যান তাঁরা। ছবির অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, নায়ক সিয়াম আহমেদ ও রোশানকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে দর্শক। ফুল দিয়ে তাঁদের অভিবাদন জানানো হয়। সাংস্কৃতিক সংগঠন তির্যক যশোরের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়েছে।
সংবর্ধনা শেষে চিত্রনায়ক সিয়াম বলেন, বাংলা সিনেমার জাগরণ শুরু হয়ে গেছে। এই জাগরণের প্রয়োজন ছিল। দর্শক আবার নতুন করে হলে ফিরতে শুরু করেছেন। এটা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য ভালো দিক। ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘আমরা সিনেমাটি বানিয়েছি সুন্দরবনের ইতিহাস জানাতে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন কীভাবে দস্যুমুক্ত হয়েছে, সেখানে প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে বসবাস করে সেটা জানানোর জন্য এই সিনেমা।’
ছবির শুটিংয়ের স্মৃতিচারণা করে এই অভিনেতা আরও বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে এই সিনেমার কলাকুশলীরা সময় শ্রম দিয়েছে। চারটা বছর একটা ছবির সঙ্গে থাকাটা অনেক বড় বিষয়। প্রায় দেড় হাজার কলাকুশলী এই সিনেমার জন্য কাজ করেছে যাতে দর্শকদের সেরাটা দিতে পারি। এত কষ্ট করেও যদি আপনারা হলে না আসেন, তাহলে আমাদের কষ্ট বৃথা যাবে।’
নুসরাত ফারিয়া বলেন, ‘যশোরবাসী ঘরে সংস্কৃতি চর্চা করে বলেই এই শহরেই এসেছি সিনেমার প্রচারের জন্য। এখানকার মানুষেরা সংস্কৃতিপ্রেমী বলেই এখানে অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। সুন্দরবনের অনেক দুর্গম অংশে এই সিনেমাটি দৃশ্যধারণ হয়েছে। সিনেমা ক্যারিয়ারে নতুন কিছু শিখেছি এই সিনেমার মাধ্যমে। দর্শকেরা সিনেমাটি দেখলে পয়সা উশুল হবে।’
পরিচালক দীপংকর দীপন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের দর্শক সিনেমা দেখতে হলে যাচ্ছেন। আবারও দর্শক ভালো সিনেমা পাচ্ছেন। বাংলা সিনেমার এক নবযাত্রা শুরু হয়েছে, এটা আর থামবে না।
সংবর্ধনা শেষে ‘অপারেশন সুন্দরবন’ টিম বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়। কয়েকটি পূজামন্দির পরিদর্শন শেষে তারা বিকেলে যশোর মণিহার প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে অপারেশন সুন্দরবন উপভোগ করে।
এর আগের দিন শনিবার খুলনা শহরে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বিকালে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, কুয়েট ফিল্ম সোসাইটি এবং ফুড স্টুডিওর আয়োজনে একটি সংবর্ধনায় যোগ দেন। এরপর শিল্পীরা খুলনার শঙ্খ ও লিবার্টি সিনেমা হলের আমন্ত্রণে সেখানে যান।