বড় পর্দায় মাসুদ রানা
কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের কাছে গোটা চারেক ছবি এল। ছবিগুলোর মধ্যে মাসুদ রানাকে খুঁজছেন তিনি। একটি ছবিতে চোখ আটকে গেল তাঁর, ছবিটির তরুণের মধ্যে মাসুদ রানাকে খুঁজে পেলেন তিনি।
মাসুদ রানার স্রষ্টার পছন্দসই সেই ছবি ছিল তরুণ অভিনেতা এ বি এম সুমনের। তত দিনে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে অল্পবিস্তর পরিচিতি পেয়েছেন সুমন। তবে মূল চরিত্রে সুযোগ মেলেনি। ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘এমআর–নাইন: ডু অর ডাই’ সিনেমার মূল চরিত্রে সুযোগ পেলেন তিনি।
বাংলাদেশের বহু শিল্পীর স্বপ্নের চরিত্র মাসুদ রানা হয়ে প্রচারের আলোয় এসেছেন সুমন, সিনেমাটির প্রাণভোমরা তো মাসুদ রানাই। ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। সিনেমার ইংরেজি সংস্করণ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ। বাংলা সংস্করণ শিগগিরই সিনেমা হলে (সিঙ্গেল স্ক্রিন) মুক্তি দেওয়া হবে।
তবে পর্দার মাসুদ রানাকে দেখে যেতে পারলেন না ‘কাজীদা’। চরিত্রকে অমর করে গত বছরের ১৯ জানুয়ারি চিরবিদায় নিয়েছেন কাজী আনোয়ার হোসেন। জীবদ্দশায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে না পারার আফসোস এখনো পোড়াচ্ছে সুমনকে।
সিনেমার দৃশ্য ধারণ শুরুর আগে তাঁর আশীর্বাদ নিতে যাওয়ার কথা ছিল সুমনের, তবে কোভিডের ধাক্কার যেতে পারেননি সুমন। অপেক্ষায় ছিলেন সুমন, তবে কাজীদার মৃত্যুতে সেই অপেক্ষা আর ফুরোয়নি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুমনের সঙ্গে প্রথম আলোর আলাপকালে ঘুরেফিরে এল কাজী আনোয়ার হোসেনের প্রসঙ্গ। সুমনের ভাষ্যে, ‘তিনি আমাকে নির্বাচন করার পর আত্মবিশ্বাস পাই। চরিত্রের স্রষ্টা আমাকে নির্বাচন করেছেন—এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। ওনার প্রতি আমি কৃতজ্ঞ, উনি থাকলে আমার খুব ভালো লাগত।’
‘মাসুদ রানা’ সিরিজে একের পর এক উপন্যাসে চরিত্রটিকে বিনির্মাণ করে গেছেন আনোয়ার হোসেন, পাতায় পাতায় বাতলে দিয়েছেন মাসুদ রানার চরিত্র, ব্যক্তিত্ব। ফলে সিনেমার পর্দায় মাসুদ রানাকে ধারণ করতে খুব একটা বেগ পেতে হয়নি বলে জানান সুমন।
শৈশবেই মাসুদ রানার সঙ্গে পরিচয় ঘটে সুমনের, চরিত্রটি স্বপ্নেও ঢুকে পড়ে। স্বপ্নের চরিত্রে সুযোগ পাওয়াটাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলছেন সুমন, ‘অবশেষে সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। প্রায় চার বছর ধরে সিনেমাটির পেছনে আমরা কষ্ট করেছি।’
সিনেমার চিত্রনাট্য পড়ে চরিত্রটি ধারণে সুবিধা হয়েছে সুমনের। চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, নির্মাতা আসিফ আকবর ও তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। নাজিম উদ দৌলা জানান, পুরো চিত্রনাট্য কাজী আনোয়ার হোসেনকে পড়ে শুনিয়েছেন তিনি। কাজী আনোয়ার হোসেন চিত্রনাট্য পছন্দ করেছেন। ‘উনি থাকলে খুব ভালো লাগত। দুর্ভাগ্যবশত তাঁকে পাইনি, তবে ওনার স্মৃতি আমাদের সঙ্গে থাকবে,’ বলেন নাজিম উদ দৌলা।
সিনেমায় চূড়ান্ত হওয়ার পর চিত্রনাট্য ধরে অভিনয় ও মারামারির (ফাইট) প্রশিক্ষণে দিনের পর দিন ঘাম ঝরিয়েছেন সুমন। পাশাপাশি ফিটনেসেও আলাদাভাবে জোর দিতে হয়েছে সুমনকে। কোভিডের মধ্যে ভিডিও কলে দফায় দফায় পরিচালকের সঙ্গে আলোচনা করেছেন তিনি। ফ্যাশন মডেলিং দিয়ে শুরু করে পরে ‘অচেনা হৃদয়’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সুমনের।
বলা হচ্ছে, ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট ৮৩ কোটি টাকা, এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও লস অ্যাঞ্জেলেস এবং বাংলাদেশে।
হলিউডের অভিনয়শিল্পী ফ্র্যাঙ্ক গ্রিলো, নিকো ফস্টার ও বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধানদের সহশিল্পী হিসেবে পেয়েছেন সুমন। এ ছাড়া বাংলাদেশের শিল্পীদের মধ্যে আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা ইসলাম, সাজ্জাদ হোসাইনসহ আরও অনেকেই রয়েছেন।
এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। তাতে নায়িকা ছিলেন কবরী ও অলিভিয়া। ‘মাসুদ রানা’ সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্র বেশ ব্যবসা করেছিল।