যে কারণে মাহির জন্য বদলানো হলো গানের শুটিং লোকেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথামতো তেমনই একটি ছবির গানের শুটিংয়ে অংশ নিলেন মাহি সঙ্গে তায়েব
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি ভক্তদের জানিয়েছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘোষণার পরপরই নিজের ছবি ‘যাও পাখি বলো তারে’র ছবির মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। কাজে বিরতি নেবেন কি? সংবাদকর্মীর এক প্রশ্নে তিনি বলেছিলেন, ‘সন্তান পৃথিবীতে আসার আগে নতুন কোনো সিনেমার এখন আর শুটিংয়ে অংশ নেব না। তবে টুকটাক কাজ বাকি আছে, এমন ছবিতে কাজ করা হতে পারে। যেখানে শারীরিক কোনো পরিশ্রম করতে হবে না। এমন কাজগুলো শেষ করতে চাই।’

মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

কথামতো তেমনই একটি ছবির গানের শুটিংয়ে অংশ নিলেন মাহি। বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামে একটি ছবির দুটি গানের শুটিং বাকি ছিল। সেই গানের শুটিং অংশ নিলেন এই অভিনেত্রী। ১৭ ও ১৮ অক্টোবর সাভারের লোকেশনে একটি গানের শুটিং শেষ হয়েছে। ‘তোমার আমার একটাই তো মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথম দিকে।

মাহি বলেন, ‘খুব সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন।’

মাহিয়া মাহি
ছবি: কবির হোসেন

তিনি আরও বলেন, ‘ছবিটির শুধু দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে বাকিটা শেষ করব। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যাবে। এ জন্য কষ্ট করে হলেও কাজ শেষ করে দিচ্ছি। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে।’

শুটিংয়ের ফাঁকে মাহি, তায়েব ও কলাকুশলীরা
ছবি: সংগৃহীত

মাহি জানান, সন্তান প্রসবের আগে এটাই সম্ভবত সিনেমার শেষ কাজ তাঁর। বলেন, ‘বাচ্চার বয়স চার মাস পার হচ্ছে। যত দিন যাচ্ছে, বাচ্চার শরীর বৃদ্ধি পাবে। আমার চলাফেরাও সীমিত হয়ে আসবে। আরও কিছুদিন হয়তো সিনেমার শুটিং ছাড়া টুকটাক কাজ করা যাবে। কিন্তু বাচ্চা জন্মের আগে আর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেব না।’ ‘অফিসার’ ছবিতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব, ইফতি প্রমুখ।