পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরার

অধরা খানফেসবুক থেকে

‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অভিনেত্রী অধরা খান। গত আগস্টের শেষ দিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে। এটি পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর।

আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে অধরা খান লিখেছেন, ‘পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

অধরার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাবরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া মেলেনি।

অধরা খান
ফেসবুক থেকে

গত সেপ্টেম্বরের শুরুতে কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে অধরা ছাড়াও জায়েদ খান, শিরিন শিলাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সিনেমাটিকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন অধরা।

তিনি জানান, ‘ভায়োলেন্স’-এর জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ নিতে পারেননি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব কাজের বিস্তারিত প্রকাশ করতে পারছেন না।

অধরা খান
ফেসবুক থেকে

অধরার দাবি, সিনেমাটির জন্য অন্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেননি তিনি। এ কারণে নিজের কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেয়েছেন।

তাঁর অভিযোগ, সিনেমাটিতে শুটিং শুরুর মাত্র এক দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি তাঁর জন্য অত্যন্ত হতাশাজনক ছিল।

এ অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের বড় শিক্ষা হিসেবে দেখছেন অধরা খান। যথাযথ পেশাদারত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও ভালোভাবে বিবেচনা না করে সিনেমাটিতে যুক্ত হওয়াকে নিজের ক্যারিয়ারের বড় ভুল বলেও মনে করছেন এই অভিনেত্রী।

অধরা খান
ফেসবুক থেকে

পোস্টে অধরা বলেন, কাউকে ছোট করা কিংবা সিনেমাটির ক্ষতি করা তাঁর উদ্দেশ্য নয়। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করতেই তিনি এ বক্তব্য দিয়েছেন।