‘এই লোকটা আমার স্বামী?’—ট্রেলার দেখে বিশ্বাসই করতে পারেননি অর্ষা
স্বামীর অভিনয় দেখে প্রথম দেখায় চিনতেই পারেননি—এমন অভিজ্ঞতার কথা জানিয়ে দর্শকের কৌতূহল বাড়ালেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘রইদ’-এর ট্রেলারে স্বামীর চরিত্রে এমন পরিবর্তন দেখে হতবাক হয়ে যান তিনি। ট্রেলার দেখে বুঝতেই পারেননি, পর্দায় থাকা মানুষটিই তাঁর স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
অর্ষার ভাষ্যে, ‘ট্রেলার দেখে আমি বুঝতেই পারিনি এই লোকটিই আমার স্বামী। এমনকি সহকর্মীও। তাই দুবার ট্রেলার দেখেছি। সবকিছুই আমার কাছে দারুণ লেগেছে।’ পরে কৌতূহল আর ভালো লাগা নিয়ে ইমরানকে জিজ্ঞেস করেন—পর্দার মানুষটি আসলেই তিনি কি না।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে অর্ষা আরও বলেন, ‘ও বলার পর আমি বলেছি—অসাধারণ। একদম সাধুকে সাধুর মতো লাগছে, তার বউকে বউয়ের মতো লাগছে। সে অনেক বেশি নিবেদিতপ্রাণ একজন অভিনেতা। সব সময় চরিত্রের ভেতরেই থাকে। মনোযোগ দিয়ে কাজ করে বলেই এটা সম্ভব হয়েছে। সে একসঙ্গে একটি কাজ নিয়েই ব্যস্ত থাকে। আমি সেটা পারি না, একসঙ্গে অনেক কাজ করি।’
পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও ইতিমধ্যে নজর কেড়েছে। ৩ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতামূলক শাখায় ‘রইদ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আজ উৎসবে দ্বিতীয়বারের মতো সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুই প্রদর্শনীতেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।
স্বামীর অভিনয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অর্ষা বলেন, ‘বাংলাদেশি সিনেমার জন্য “রইদ” একটি দারুণ অধ্যায়। এটা একদমই আমাদের দেশের সিনেমা। দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে কাজ করার জন্য পরিচালক মেজবাউর রহমান সুমনকে ধন্যবাদ।’
সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।