অতিথি চরিত্রে স্কটল্যান্ডে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’র শুটিংয়ে অংশ নিতে স্কটল্যান্ড যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। এ উপলক্ষে আগামী ১০ জুন স্কটল্যান্ডের উদ্দেশে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। ২০ দিন পর দেশে ফিরবেন মৌসুমী।

প্রথম আলোর সঙ্গে আলাপে মৌসুমী বলেন, ‘নতুন এই ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করব। গল্প শুনে চরিত্র সম্পর্কে ভালো লাগার কারণে কাজটি করার সিদ্ধান্ত নিই। আপাতত ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

মৌসুমী
মৌসুমী



মৌসুমী এর আগে এস এ হক অলিকের হৃদয়ের কথা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এ নিয়ে দ্বিতীয়বার কোনো ছবিতে অতিথি হিসেবে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অতিথি চরিত্রে অভিনয় করতে রাজি হওয়া প্রসঙ্গে মৌসুমীর বক্তব্য, ‘আমার চরিত্রের উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও খুবই গুরুত্বপূর্ণ। এতে অনেক চমকপ্রদ কিছু ব্যাপারও আছে। তাই রাজি না হয়ে থাকতে পারিনি।’

চিত্রনায়িকা মৌসুমী সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার জেতেন।

‘প্রেমী ও প্রেমী’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার অশোক পতি। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের মডেল ও টিভি উপস্থাপিকা নুসরাত ফারিয়া এবং কলকাতার অঙ্কুশ। বছর খানেক আগে মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল। মরীচিকা নামের সেই ছবিটির কাজ এখন পর্যন্ত শুরুই হয়নি।