অনন্ত জলিলের অগ্রযাত্রার মহানায়ক

‘অগ্রযাত্রার মহানায়ক’ নামে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক, প্রযোজক ও পরিচালক এম এ জলিল অনন্ত। ঈদুল আজহার পর যুক্তরাজ্যে ছবিটির শুটিং শুরু করবেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন অনন্ত। জানিয়েছেন, বর্তমানে তিনি সেভাবেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
ব্যবসায়িক কাজে দুই সপ্তাহের মতো জাপানে ছিলেন অনন্ত। আজ মঙ্গলবার সকালে জাপান থেকে ঢাকায় ফিরেছেন তিনি। বিমানবন্দরে নেমে তিনি তাঁর নতুন ছবি নির্মাণের বিষয়টি জানান।
নতুন ছবি সম্পর্কে জানতে চাইলে অনন্ত বলেন, ‘আসছে কোরবানির ঈদের পর যুক্তরাজ্যে “অগ্রযাত্রার মহানায়ক” ছবির শুটিং শুরু করছি। প্রথমে ছবিটির কয়েকটি সিকোয়েন্স ও গানের শুটিং করার পরিকল্পনা রয়েছে। বরাবরই বেশি সময় নিয়ে মানসম্পন্ন কাজ করার চেষ্টা থাকে আমাদের। এবারও তার ব্যতিক্রম হবে না। টানা এক বছর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী বছরের ঈদ মৌসুমে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই।’
বরাবরের মতো এবারও অনন্তর ছবির প্রধান দুটি চরিত্রে থাকছেন অনন্ত ও বর্ষা। ছবিটি পরিচালনার দায়িত্বেও থাকছেন অনন্ত জলিল।