অনন্ত-বর্ষা ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত জলিল ও বর্ষা।
অনন্ত জলিল ও বর্ষা।

বেশ কিছুদিন পর্দার পেছনেই ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। নতুন দুটি ছবির কাজ হাতে নিয়েছেন অনন্ত। এ দুই ছবির কল্যাণে অনন্তের সঙ্গে আবারও পর্দায় ফিরছেন বর্ষা। অনন্ত জলিল নতুন দুটি ছবি উপহার দিতে যাচ্ছেন তাঁর ভক্ত-দর্শকদের। একটির নাম ‘দ্য স্পাই’, অন্যটি ‘সৈনিক’। দুটি ছবিতেই তাঁর বিপরীতে অভিনয় করবেন অনন্তের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।
গোয়েন্দাভিত্তিক গল্প নিয়ে অনন্ত জলিল নির্মাণ করতে যাচ্ছেন ‘দ্য স্পাই’। অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত ‘দ্য স্পাই’ ছবিতে অনন্তকে একজন গুপ্তচরের চরিত্রে দেখা যাবে।
অন্যদিকে, বাংলাদেশে এবং ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার চিত্র নিয়ে নির্মিত হবে ‘সৈনিক’ ছবিটি। দুটি ছবিরই প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ‘দ্য স্পাই’ ছবির শুটিংয়ের কাজ শুরুর প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘ছবিটিতে আমাকে দেশের জন্য নিবেদিতপ্রাণ একজন গুপ্তচরের ভূমিকায় দেখতে পারবেন দর্শকেরা। ছবির কাহিনিতে দেখা যাবে, দেশকে আন্তর্জাতিক কুচক্রীদের হাত থেকে রক্ষার মিশনের নেতৃত্ব দিচ্ছি আমি। আমার আগের ছবিগুলোর মতো এই ছবিতেও দেশকে নিয়ে বিশেষ একটি বার্তা থাকবে।’