অনার্সের পর মাস্টার্সেও শিলার প্রথম শ্রেণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা অভিনয়ের পাশাপাশি নিয়মিত পড়াশোনাটাও চালিয়ে গেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবার সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে পাস করেছেন। প্রাপ্ত নম্বর সিজিপিএ–৩.০৩। এর আগে স্নাতক পরীক্ষায়ও প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন এই অভিনেত্রী।

শিরিন শিলা

স্নাতকোত্তরে ফলাফল বের হয়েছে ১২ ডিসেম্বর। শিরিন শিলা ফল হাতে পেয়েছেন ১৩ ডিসেম্বর। ফল হাতে পেয়ে দারুণ খুশি তিনি। উচ্ছ্বসিত শিরিন শিলা বলেন, ‘ফল জানার পর এত খুশি যে অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। এটি আমার জন্য বড় অর্জন। আমি মনে করি, তারকাদের মিডিয়ার ক্যারিয়ার সারা জীবন থাকে না। একটা সময় অন্যরা এসে দখল করেন। কিন্তু আমার এই ডিগ্রি, এই ফল সারা জীবন আমারই থাকবে। আজকে আমার যে অর্জন, সেটা অন্য কেউ ভাগ নিতে পারবেন না।’

শিলার কথা, মিডিয়াতে কাজ করতে এসে অনেকে ঠিকমতো পড়ালেখা শেষ করতে পারেন না। ব্যস্ততার কারণে লেখাপড়ায় অনিয়মিত হয়ে পড়েন। বলেন, ‘আমি মিডিয়ার কাজের পাশাপাশি লেখাপড়াটা নিয়মিতই চালিয়ে গেছি এবং শেষ পর্যন্ত ভালো একটা ফলও করতে পেরেছি। এটি আমার জন্য অনেক বড় ব্যাপার।’

শিরিন শিলা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রথম শ্রেণি পাওয়ার ব্যাপারে শিলা জানান, প্রস্তুতির কারণেই এই ফল সম্ভব হয়েছে। বলেন, ‘সেপ্টেম্বরে আমার স্নাতকোত্তর পরীক্ষা হয়েছে। করোনাকালে এক বছরের বেশি সময় ধরে কাজের ব্যস্ততা ছিল না। বিধিনিষেধের কারণে মিডিয়ার কাজ প্রায় বন্ধ ছিল। এই সময়ে ভালোভাবেই পরীক্ষার প্রস্তুতি নিতে পেরেছিলাম। ফলে ভালো ফল করতে পেরেছি।’

পরিবার থেকে পড়ালেখার প্রতি তেমন চাপ ছিল না শিলার। নিজের ইচ্ছাতেই লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। চাকরি করার জন্য উচ্চতর ডিগ্রি নেননি শিলা। বলেন, ‘ডিগ্রি নিলেই যে চাকরি করতে হবে, এমন কথা নয়। নিজের অর্জনের জন্য এই ডিগ্রি। চাকরি করার ইচ্ছা নেই। তবে সুযোগ হলে ব্যবসা করার ইচ্ছা আছে আমার। সফল ব্যবসায়ী হতে চাই আমি।’

শিরিন শিলা

এদিকে নতুন বছরে নতুন সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন এই নায়িকা। জানুয়ারির মাঝামাঝি থেকে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ নামের এটি ছবিতে শুটিং শুরুর কথা আছে। এ ছাড়া এই অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’, সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, মেহেদি হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’সহ বেশ কয়েকটি সিনেমা।