অনিমেষ আইচের 'জেদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা মিলেছে অনিমেষ আইচের ফেসবুক পেজ থেকে।
সাদা টুকরো কাগজে এই নির্মাতা লিখেছেন, ‘জেদ...আসিতেছে...’। তারপর কাগজটার ছবি তুলে আপলোড করেছেন নিজের ফেসবুক পেজে।
জেদ নামটার মধ্যে আমাদের চেনা ঢাকাই ছবির গন্ধ আছে। সত্যিই জেদ তাঁর পরের ছবি? জানতেই অনিমেষকে ফোন।
‘হ্যাঁ, ঘটনা সত্যি।’ তাঁর জবাব।
ছবিটা অ্যাকশন-থ্রিলার ঘরানার?
‘ না না। সে রকম কিছু না। মতি নন্দীর গল্প থেকে তৈরি করেছি ছবিটার চিত্রনাট্য। গল্পটা মূলত পানির সংকট নিয়ে। তবে প্রেমও আছে। ইমপ্রেস (টেলিফিল্মস) জেদ প্রযোজনা করবে। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিও হতে পারে।’ জানালেন অনিমেষ।
সব ঠিকঠাক থাকলে এ বছরই জেদ-এর শুটিং শুরু করার ইচ্ছে তাঁর।
আর তাঁর আগের ছবি জিরো ডিগ্রি?
‘জিরো ডিগ্রির শুটিং-ডাবিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও শুরু হতে যাচ্ছে তাড়াতাড়ি। আশা করছি জিরো ডিগ্রি খুব শিগগির মুক্তি দিতে পারব।’ আশাবাদ নির্মাতা অনিমেষ আইচের।