অন্যরূপে মিশা

তেইশ বছরের অভিনয়জীবনে আটশোরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন মিশা সওদাগর। কিন্তু এমন ধরনের চরিত্রে এর আগে শুধু একবারই দেখা গেছে তাঁকে। নতুন ছবি ‘মিসড কল’ এ তেমনি এক রূপে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে। আর নতুন ছবির ভিন্নধর্মী এই চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত মিশা।
প্রথম আলোকে মিশা সওদাগর বলেন, ‘চরিত্রের প্রয়োজনে একজন অভিনেতাকে অনেকভাবেই পর্দায় আসতে হয়। তাই ‘মিসড কল’ ছবিতে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাখে নথ! পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল-নিয়ে হাজির হতে হয়েছে। এটা ঠিক যে, হঠাৎ কেউ এ অবস্থায় আমাকে দেখলে অবাক হতে পারেন। কিন্তু ওই যে, চরিত্র ফুটিয়ে তুলতে একজন অভিনেতাকে নানারূপে হাজির হতে হয়। পুরো ব্যাপারটি আমি খুব উপভোগও করছি।’
আজ রোববার রাজধানী ঢাকার প্রিয়াংকা শুটিংবাড়িতে ছবিটির দৃশ্যধারনে অংশ নেন মিশা সওদাগর। আরও ছিলেন বাপ্পারাজ ও বাপ্পি।
‘মিসড কল’ ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মিশা। দর্শকেরা এমন মিশা সওদাগরকে দেখে বেশ মজা পাবে।’
‘মিসড কল’ ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন নবাগত মুগ্ধ।