অপু বিশ্বাসের বালি মিশন

সিনেমার শুটিংয়ের অংশ নিতে মালয়েশিয়া আর ব্যাংককে যাওয়া হয়েছে অপু বিশ্বাসের। এবার আর মালয়েশিয়া কিংবা ব্যাংকক নয়, তিনি শুটিং করবেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রাজাবাবু ছবির শুটিং করতে সেখানে যাবেন তিনি। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় ছবিটির শুটিং শুরু হয়ে যাবে। রাজাবাবু ছবিটির পরিচালক বদিউল আলম।
অপু বলেন, ‘বালি দ্বীপের কথা অনেক শুনেছি। কিন্তু চমৎকার সেই দ্বীপটিতে কখনোই যাওয়া হয়নি। ছবির শুটিংয়ে এবার আমরা সেখানে যাব। কাজ করাও হবে, পাশাপাশি দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করারও সুযোগ মিলবে।’
রাজাবাবু ছবিতে অপু বিশ্বাস অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। শাকিব প্রসঙ্গে অপু বললেন, সহশিল্পী হিসেবে শাকিব বরাবরই দারুণ। তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটা খুবই চমৎকার। কাজের ক্ষেত্রে অনেক সহযোগিতাপরায়ণ। আশা করি আমাদের আগের ছবিগুলোর মতো রাজাবাবুও দর্শকদের ভালো লাগবে।’
এদিকে অপু বিশ্বাস এখন এফ আই মানিকের দুই পৃথিবী নামের একটি ছবির কাজ করছেন। বললেন, এটা কিন্তু পুরোনো ছবি। মাঝে অনেক দিন ছবিটির শুটিং বন্ধ ছিল। ঈদের পরই আবার পুরোদমে কাজ শুরু হয়েছে।’
এবারের ঈদুল আজহায় অপু বিশ্বাস অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ছবিগুলো হচ্ছে সেরা নায়ক, কঠিন প্রতিশোধ ও হিটম্যান। বড় একটি উৎসবে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পাওয়ায় কিছুটা মন খারাপ ছিল অপুর। বললেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমি কোনোভাবেই চাইনি এত বড় একটি উৎসবে একসঙ্গে তিনটি ছবি একসঙ্গে মুক্তি পাক। পুরো সিদ্ধান্ত প্রযোজকদের।’