অবশেষে নায়ক পেলেন নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম সুমন
এ বি এম সুমন

অবশেষে নায়ক-নায়িকার খোঁজ পেলেন পরিচালক সোহেল আরমান। নতুন ছবি ‘ভ্রমর’ এ অভিনয়ের জন্য চুক্তি সই করেছেন এ বি এম সুমনের সঙ্গে। সম্প্রতি ছবির প্রযোজক ও পরিচালকের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করা হয়।

‘এই তো প্রেম’ মুক্তির পরই দ্বিতীয় ছবি নির্মাণের ঘোষণা দেন সোহেল আরমান। শুরুতে আরিফিন শুভকে দিয়েই সোহেল আরমান তাঁর নতুন ছবির কাজ শুরু করতে চেয়েছিলেন। সেভাবেই সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। শুভকে চুক্তিপত্রে সইও করিয়েছিলেন। বেশ আয়োজন করে মহরতও অনুষ্ঠিত হয়। কিন্তু পরিচালক তাঁর নির্দিষ্ট সময়ের মধ্যে ছবিটির শুটিং শুরু করতে না পারায় শুভর পক্ষে পরে আর শিডিউল দেওয়া সম্ভব হয়নি। শুভ ব্যস্ত হয়ে পড়েন অন্য ছবির কাজ নিয়ে। বাধ্য হয়ে পরিচালক সোহেল আরমানও নায়ক খুঁজতে থাকেন।

সোহেল আরমান বলেন, ‘শুরুতে শুভকে নিয়ে “ভ্রমর” ছবিটি নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করতে না পারায় খুব চিন্তার মধ্যে পড়ে যাই। নতুন নায়ক খুঁজতে থাকি। এর মধ্যে অনেকের সঙ্গে কথা বলেছিলাম। শেষ পর্যন্ত সুমনের সঙ্গে কথা বলে মনে হয়ে, তাঁকে নিয়ে আমরা কাজটি শুরু করতে পারি। আমি যেমনটা চেয়েছিলাম, সুমন ঠিক তেমনই।’

ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়ক এ বি এম সুমন অভিনীত প্রথম ছবি ‘অচেনা হৃদয়’ মুক্তি পায় গেল বছর। এ ছবির মাধ্যমে ঢাকাই নায়কদের কাতারে নাম লেখান। ‘অচেনা হৃদয়’ ছবিটি মুক্তির পর দর্শকমহলে প্রশংসিত হন সুমন।

সোহেল আরমান এও বললেন, ‘গল্পের প্রয়োজনে এবং শিডিউলের জন্য বেশ কয়েকবার নায়ক-নায়িকায় পরিবর্তন আনতে হয়েছে। ছবির গল্পের সঙ্গে সুমনকে মানাবেও চমৎকার।’

সোহেল আরমান জানান, ‘ভ্রমর’ ছবিতে সুমনের নায়িকা হিসেবে থাকবেন নবাগত মুগ্ধতা। মার্চ মাসের ৫ তারিখ থেকে ছবিটির শুটিং শুরুর ইচ্ছে তাঁর। সিলেটে শুরু হয়ে সিলেটেই ছবির শুটিং শেষ হবে। টানা ৪০ দিন চলবে ভ্রমর ছবির শুটিং।

‘ভ্রমর’ এ বি এম সুমনের পঞ্চম ছবি হলেও মুগ্ধতার দ্বিতীয়। মুগ্ধতা এর আগে সাফিউদ্দিন সাফির মিসডকল ছবিতে অভিনয় করেন। অবশ্য ছবিটি এখনো মুক্তি পায়নি।


‘ভ্রমর’ ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন হাবিব ওয়াহিদ ও সাব্বির।