অবশেষে মুক্তি মিলছে পরীমনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি
পরীমনি

অভিনেত্রী পরীমনি ঢাকাই চলচ্চিত্রে নবাগত হলেও এরই মধ্যে অভিনয় করে ফেলেছেন ১৩টি ছবিতে। চুক্তিবদ্ধ হয়েছেন ১৭টির বেশি ছবিতে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে এখন পর্যন্ত এই অভিনেত্রীর একটি ছবিও মুক্তি পায়নি। তবে, ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি ছবি সম্প্রতি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। পরীমনি অভিনীত প্রথম ছবি এটি। গতকাল মঙ্গলবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম মণ্ডল। ছবিতে পরীমনি জুটি হয়ে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলনের বিপরীতে। ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান।
ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।
সেন্সর ছাড়পত্র পাওয়ার হিসাবে এটি পরীমনির দ্বিতীয় ছবি। এর আগে ওয়াজেদ সুমনের ‘পাগলা দিওয়ানা’ ছবিটি ছাড়পত্র পায়। ৩ এপ্রিল ছবিটি মুক্তির তারিখও চূড়ান্ত হয়ে আছে বলে জানান পরীমনি।
পরীমনি বলেন, ‘“ভালোবাসা সীমাহীন” আমার অভিনীত প্রথম ছবি, তাই ছবিটির প্রতি আমার অন্য রকম একটা আবেগ কাজ করে। এ ছবির গল্পটা অনেক পরিণত, শুরুতে এ ধরনের একটি গল্পে আমাকে ভাবার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। প্রেক্ষাগৃহে ছবিটি দেখার অপেক্ষায় আছি।’
পরীমনি অভিনীত প্রথম সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘“ভালোবাসা সীমাহীন” আমার প্রথম সিনেমা। প্রত্যাশাও একটু বেশি।’ তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য ছিল সিনেমার অভিনেত্রী হওয়ার। বড় পর্দাতে নিজেকে মেলে ধরার সুযোগ বেশি। সহজেই দর্শকের কাছে পৌঁছানো যায়। এ ভাবনা থেকেই সিনেমায় অভিনয় করছি।’
মিলন বলেন, ‘মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। নায়িকা পরীমনি এবং পরিচালক—দুজনেরই এটা প্রথম ছবি। আমারও তাঁদের সঙ্গে প্রথম কাজ। সব মিলিয়ে অনেকগুলো প্রথম এই ছবিতে যোগ হয়েছে।’
মিলন এও বলেন, ‘ভালোবাসা সীমাহীন’ ছবির গল্প অনুযায়ী ছবিটির নির্মাণ বাজেট অনেক বেশি দরকার ছিল। কিন্তু পরিচালক সেই অর্থে অত বেশি বাজেট পাননি বলে মনে হয়। তাই অনেক ক্ষেত্রে তাঁকে কম্প্রোমাইজ করতে হয়েছে। তার পরও চেষ্টা ছিল ভালোভাবে ছবিটি নির্মাণের। গল্প বলার ধরনটা যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে ছবিটি বাজিমাত করবে।
কবে নাগাদ ছবিটি মুক্তি দেবেন—জানতে চাইলে পরিচালক বলেন, ‘ছবির গল্প অনুযায়ী ভালোবাসা দিবসেই মুক্তি দেওয়ার ইচ্ছে। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।’
এই ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ ক্রিকেট ছবির ব্যবসার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ​কি না—জানতে চাইলে পরিচালক শাহ আলম মণ্ডল বললেন, ‘আমার বিশ্বাস, ছবির গল্প যদি ভালো হয়, তাহলে বিশ্বকাপ খেলা আমার ছবির ব্যবসার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলতে পারবে না।’
সিনেমার গল্পে দেখা যাবে—মির্জা পরিবারের সন্তান ভালোবাসেন তালুকদার পরিবারের মেয়ে পরীমনিকে। তাঁদের এ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ান মিলন। পরীমনি বিয়ে করেন মিলনকে। তখন শুরু হয় সম্পর্কের নানা টানাপোড়েন। এভাবেই এগিয়ে গেছে এ চলচ্চিত্রের গল্প।