অভিনেত্রী কস্তুরী চৌধুরী আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় কস্তুরী চৌধুরী

পরিচালক রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন কস্তুরী চৌধুরী। হাটহাজারী স্কুলের সাবেক শিক্ষিকা কস্তুরী চৌধুরী ৭৬ বছর বয়সে এসে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিতও ছিলেন। পরিবারের সবার কাছে সেই উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেনও। তিনি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়। ‘সুতরাং’ ছবিতে অভিনয়ের জন্য সুভাষ দত্ত তাঁকে প্রস্তাব দিয়েছিলেন।

মা কস্তুরী চৌধুরীর সঙ্গে অভিনয়শিল্পী মেয়ে সংগীতা চৌধুরী

মাত্র তিন দিন শুটিংয়ের মধ্য দিয়ে সেই চলচ্চিত্রে নিজের চরিত্রের পুরো কাজ শেষ করেন। পরিচালক আজ মঙ্গলবার জানালেন, কস্তুরী চৌধুরী এখন লাইফ সাপোর্টে আছেন। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।
রাশীদ পলাশের মাধ্যমে কস্তুরী চৌধুরীর মেয়ে অভিনয়শিল্পী সংগীতা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, তাঁর মা অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকে এখন পর্যন্ত সেই হাসপাতালে তাঁর চিকিৎসাসেবা চলছে।

‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় কস্তুরী চৌধুরী

কস্তুরী চৌধুরীর মেয়ে সংগীতা চৌধুরীও অভিনয় করেন। তাঁর অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ সবচেয়ে উল্লেখযোগ্য। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে। এই চলচ্চিত্রে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সংগীতা চৌধুরী বললেন, ‘ছোটবেলা থেকেই আম্মা অভিনয় করতেন। তবে সেটা ছিল স্কুল–কলেজে। শিক্ষিকা মা আমাদের চার ভাইবোনকে মানুষ করতেই পেশাদার অভিনয়ে নামই লেখাতে পারেননি। প্রথমবার কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পেরে মায়ের সে কী উচ্ছ্বাস। শিক্ষকতা থেকে মা রিটায়ার্ড করার পর অনেকে তাঁকে নিয়ে বিজ্ঞাপনচিত্রও বানাতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এসবও করতে পারেননি। অসুস্থ হওয়ার এক দিন আগেও বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। মা এখন হাসপাতালে বিছানায়। সবার কাছে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

নায়িকারাও মানুষ। তাঁরা ভিনগ্রহের কেউ নন। হাসি-আনন্দের বাইরে তাঁদেরও আছে দুঃখ-কষ্ট। নতুন চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’তে চিত্রনায়িকা ববির চরিত্রের মধ্য দিয়ে এ বিষয়ই পর্দায় তুলে ধরা হবে। রাশীদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস।