অভিমান ভেঙেছে রিয়াজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

বাংলা চলচ্চিত্রের দুরবস্থা দেখে পাঁচ বছর আগে অনেকটা অভিমান করেই যেন অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন রিয়াজ। এরপর কেবল ছোট পর্দার নাটক আর টেলিছবিতেই নিজেকে ব্যস্ত রাখেন তিনি। পাঁচ বছর পর রিয়াজের অভিমান কাটতে শুরু করেছে। আবারও বড় পর্দায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি রিয়াজ চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি চলচ্চিত্রে। নাম ‘সুইটহার্ট’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে তাঁর সহশিল্পী মিম। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে বড় পর্দার জন্য শুটিং শুরু করবেন রিয়াজ।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমি আসলে সব সময় অভিনয়ই করতে চেয়েছি। হোক তা বড় পর্দা কিংবা ছোট। তবে এটাও ঠিক যে বড় পর্দাই আমাকে রিয়াজ হিসেবে মানুষের ভালোবাসা আর পরিচিতি এনে দিয়েছে। কিন্তু এর অবস্থা এতটা খারাপের দিকে যাচ্ছিল যে তাতে মানিয়ে নিতে না পেরেই চলচ্চিত্রের কাজ বন্ধ করে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে, কাজটা মোটেও ঠিক হয়নি। দরকার ছিল ভালো মানের চলচ্চিত্রের কাজ করে চলচ্চিত্রের দুরবস্থা কাটিয়ে তুলতে চেষ্টা করা।’
রিয়াজ এও বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র এখন কিছুটা ভালোর দিকে এগোচ্ছে। অবশ্য বিশ্ব চলচ্চিত্রের দিকে তাকালে এ অগ্রগতিকে কিছুই মনে হবে না। আমাদের আসলে যেখানে থাকার কথা, আমরা এখনো তার ধারেকাছেও নেই। আমি এখন কিছুটা আশাবাদী, যেভাবে চলছে সামনে হয়তো এই চিত্রটা বদলাবে।’ তিনি বলেন, ‘এখন থেকে আমি নিয়মিত বড় পর্দায় কাজ করতে চাই।’
‘সুইটহার্ট’ রিয়াজের চরিত্রটির স্থায়িত্ব অবশ্য বেশি সময়ের নয়। গল্পে মিমের স্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। রিয়াজ বলেন, ‘ছবিটির গল্প খুবই চমৎকার। এ কারণেই অতিথি চরিত্রে কাজ করতে রাজি হয়েছি। আমি কেন অতিথি চরিত্রে কাজ করছি, ছবিটি দেখলেই দর্শক সেটা বুঝতে পারবেন।’
রিয়াজ অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘লোভে পাপ পাপে মৃত্যু’ । সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটিতে রিয়াজ অভিনয় করেন পূর্ণিমার বিপরীতে।
রিয়াজ এখন আছেন কক্সবাজারে। সেখানে তিনি চ্যানেল আইয়ের রিয়ালিটি শো ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে কাজ করছেন।