অমৃতার অভিযোগ, অস্বীকার করলেন সাইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমৃতা খান ও সাইমন সাদিক
অমৃতা খান ও সাইমন সাদিক

সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া এবং সম্মানীর আংশিক অর্থ হস্তান্তরের পরও ছবি থেকে বাদ দেওয়া হয়েছে নায়িকাকে। তেমনটাই দাবি করেছেন ঢালিউডের নবাগত নায়িকা অমৃতা খান। আর এ ঘটনার জন্য তিনি দায়ী করেছেন নায়ক সাইমনকে। অমৃতার অভিযোগ, সাইমনের প্ররোচনাতেই পরিচালক এ ঘটনা ঘটিয়েছেন।

অমৃতার ক্ষেত্রে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ‘অজান্তে ভালোবাসা’ ছবির জন্য ‘সাইনিং মানি’ দেওয়া হয়েছিল অমৃতাকে। শুটিং শুরুর আগমুহূর্তে ছবিটির নায়িকা পরিবর্তন করা হয়েছিল। সেই একই ঘটনা ঘটল আবারও। ‘এত প্রেম এত মায়া’ ছবিতে অভিনয়ের জন্য সম্মানীর একাংশ পেয়েও ছবিতে কাজ করা হলো না অমৃতার। তাঁর বদলে সেই ছবিতে অন্য আরেকজন নায়িকাকে নিয়ে শুটিং শুরু করেছেন ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান।
অমৃতা জানান, এ নিয়ে পরপর দুটি ছবির ‘সাইনিং মানি’ নিয়েও কাজ করা হলো না তাঁর। আর এতে ‘কলকাঠি নেড়েছেন’ ছবি দুটির নায়ক সাইমন সাদিক। তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাইমন। অভিযোগ অস্বীকার করে সাইমন বলেন, ‘ছবির নায়িকা বাদ দেওয়া নায়কের কাজ নয়। প্রযোজক-পরিচালক তাঁদের ছবিতে যাকে ভালো মনে করবেন, তাঁকে নিয়েই কাজ করবেন। আমি কেন নিষেধ করতে যাব। ছবির গল্প পছন্দ হলে যেকোনো নায়িকার সঙ্গেই কাজ করতে আমি রাজি। অমৃতা অযথা আমাকে ভুল বুঝছেন।’
অমৃতা বলেন, ‘আমাকে নিয়ে সাইমনের কী সমস্যা জানি না। বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি, নিজের ছবির নায়িকা হিসেবে আমার নাম শুনলেই তিনি প্রযোজককে নিরুৎসাহিত করেন। আমার মনে হয়, তাঁর প্ররোচনাতেই ওই দুই ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে।’
‘অজান্তে ভালোবাসা’ ছবিটি গত মে মাসে মুক্তি পেয়েছে। সাইমনের নায়িকা হিসেবে অমৃতা খানের পরিবর্তে তাতে অভিনয় করেছেন আলিশা প্রধান। আর চলতি মাসের এক তারিখে শুটিং শুরু হওয়া ‘এত প্রেম এত মায়া’ ছবিতে অমৃতার পরিবর্তে সাইমনের নায়িকা হিসেবে কাজ করছেন পিয়া বিপাশা।