আঁচল যা বললেন

ঢাকাই ছবির নায়িকা আঁচলকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না। কিছুদিন আগে চাউর হয়েছিল, কম পারিশ্রমিকে যেনতেন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন আঁচল। সেই রেশ কাটতে না কাটতেই আবার তাঁকে ঘিরে চলচ্চিত্রপাড়ায় নতুন খবর তৈরি হয়েছে। ভাইয়ের পড়ালেখার খরচ ও ঘরভাড়া না দিতে পারায় বনশ্রীর ভাড়ার বাড়ি ছেড়ে দিয়ে সপরিবারে খুলনা চলে গেছেন চলচ্চিত্র নায়িকা আঁচল। এ সংবাদ নিয়ে যখন চলচ্চিত্রপাড়ায় কানাঘুষা চলছে, তখন আঁচল কী বলেন?
মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, ঢাকার বনশ্রীর ভাড়া বড়িতেই অবস্থান করছিলেন আঁচল। আক্ষেপ করে তিনি বলেছেন, ‘এ ধরনের সংবাদে আমি অবাক হয়েছি। খুবই কষ্ট পেয়েছি আমি। এ ধরনের বিভ্রান্তিকর খবর বারবার আমাকে লজ্জিত করছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেন সবাই এমন করছেন? কিন্তু আমি তো কারওর ক্ষতি করিনি।’
আঁচল জানিয়েছেন, গত ৫ জানুয়ারি খুলনা ডুমুরিয়ায় তাঁর দাদার বাড়িতে গিয়েছিলেন। ফিরেছেন ১৩ জানুয়ারি রাতে। খুলনা যাওয়াকে কেন্দ্র করেই এই সব অসত্য খবর ছাপা হয়েছে। তিনি বলেছেন, ‘তাঁর দাদা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। হঠাৎ করেই তাঁর ক্যানসার ধরা পড়েছে। ক্যানসারের সংবাদ পাওয়াতে আমরা দ্রুতই ওখানে গিয়েছিলাম। দাদার পাশে আমরা সপ্তাহখানেক সময় কাটিয়েছি।’
আঁচল অভিনীত শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ও শায়েদ চৌধুরীর ‘আড়াল’ ছবি দুটি রয়েছে মুক্তির মিছিলে। শুটিং চলছে হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটির।