আঁচলের বৈশাখী উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁচল
আঁচল

পয়লা বৈশাখ সামনে রেখে চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে আঁচল অভিনীত ছবি ‘গুন্ডা দ্য টেররিস্ট’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি একটি আইটেম গানেও অংশ নিয়েছেন বর্তমান প্রজন্মের এ অভিনেত্রী। 
ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা দ্য টেররিস্ট’ ছবিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন আঁচল। এ দুজন প্রথম জুটি হয়ে অভিনয় করেন শাহীন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর দুজনে একসঙ্গে অভিনয় করেন ‘প্রেম প্রেম পাগলামি’ ছবিতে। এবার আবারও একসঙ্গে অভিনয় করলেন ‘গুন্ডা দ্য টেররিস্ট’ ছবিতে। গত বছরের আগস্টে ছবিটির কাজ শুরু হয়। ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। 
‘গুন্ডা দ্য টেররিস্ট’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আঁচল বলেন, ‘আমাকে এর আগে কখনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি। এবারই প্রথম এ ধরনের গানে পারফর্ম করলাম। গল্পের প্রয়োজনে কাজটি করতে হলো। অনুভূতি অন্য রকম। আশা করছি, দর্শকেরা ভিন্নতা পাবেন।’
গত বছরের ডিসেম্বরে ‘গুন্ডা দ্য টেররিস্ট’ সেন্সর ছাড়পত্র পায়। চলতি বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও, রাজনৈতিক অস্থিরতার বিষয়টি বিবেচনায় নিয়ে মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। দর্শকদের বৈশাখের উপহার হিসেবেই ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান।