আইটেম গানে ফেরদৌস ও নিপুণ

ফেরদৌস ও নিপুণ দুজনেই ভালো বন্ধু। একসঙ্গে কয়েকটি ছবিতেও কাজ করেছেন। এক কাপ চা ছবির একটি গানে ফেরদৌসের অনুরোধে অতিথি হিসেবে উপস্থিতও হয়েছিলেন নিপুণ। এবার তাঁরা দুজন যৌথ প্রযোজনার ছবি ছেড়ে যাস না-এর আইটেম গানে অংশ নিতে যাচ্ছেন।
২৩ আগস্ট ঢাকায় গানটির দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানান ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। নেয়ামূলের সঙ্গে যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন কলকাতার তপন চক্রবর্তী।
নিপুণকে এর আগে আইটেম গানে দেখা গেলেও ফেরদৌসের জন্য এটা এক নতুন অভিজ্ঞতা। তিনি বললেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। অন্য রকম কিছু একটা হবে। গানটির চিত্রায়ণের ব্যাপারে সে রকমভাবে পরিকল্পনাও করা হয়েছে।’
এই ছবির প্রধান চরিত্রের অভিনেতাও ফেরদৌস, আর নিপুণ হলেন এই গানের অতিথি। এ নিয়ে নিপুণ বললেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। তিনি আমাকে গানটিতে পারফর্ম করতে বলেছেন, আমিও কোনো কিছু না ভেবে তাঁকে “হ্যাঁ” বলে দিয়েছি।’
তবে শুধু এই আইটেম গানেই নয়, মাদকের ভয়াবহতা নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা স্বর্গ থেকে নরক ছবিতেও এ বছরই দেখা যাবে ফেরদৌস ও নিপুণকে। কিছুদিন আগেই ছবিটি পেয়েছে সেন্সর ছাড়পত্র।