‘আজিজ ভাইয়ের “অশিক্ষিত” না হলে আমি অঞ্জনা হতে পারতাম না’
‘অশিক্ষিত’ মুক্তি পাবে। তার আগে হলমালিকদের জন্য এফডিসিতে ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হলো। গানগুলো ছাড়া পুরো ছবিটি দেখানো হলো। ছবি শেষে মিলনায়তন থেকে বেরিয়ে হলমালিকেরা পরিচালক আজিজুর রহমানকে জানালেন, ছবি তাঁদের পছন্দ হয়নি। নায়িকা নতুন, ছবি চলবে না। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নতুন নায়িকা অঞ্জনা। হলমালিকদের কথা শুনে তিনি হতাশ হয়ে পড়লেন। সেই স্মৃতি আজও ভোলেননি ঢালিউড অভিনেত্রী অঞ্জনা। সেদিনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘পাশে ছিলেন সত্য (সাহা) দার স্ত্রী। হলমালিকদের কথা শুনে বউদির গলা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। এ সময় আজিজ ভাই আমার দিকে এগিয়ে এলেন। আমি তাঁকেও জড়িয়ে ধরে কাঁদলাম।’
‘অশিক্ষিত’ ছবির পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। গতকাল সোমবার কানাডার টরন্টো থেকে ঢাকায় আসে তাঁর প্রয়াণের খবর। এই পরিচালকের হাত ধরে ঢালিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন অনেক অভিনয়শিল্পী। অঞ্জনা তাঁদেরই একজন। ‘অশিক্ষিত’ ছবিতে প্রথমবার একক নায়িকা হিসেবে কাজ করেন তিনি, সে–ও রাজ্জাকের বিপরীতে। তাঁর চরিত্রের নাম ছিল লাইলী। ছবিটি মুক্তি পায় ১৯৭৮ সালে। ছবিটি চলবে না, হলমালিকদের সে কথা সত্য হয়নি।
মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এমনকি ‘আমি এক পাহারাদার’, ‘আমি যেমন আছি তেমন রবো/ বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার’ গানগুলোর ঠাঁই হলো মানুষের মুখে মুখে। নতুন নায়িকার সেই ছবি আরও একটি মাইলফলক ঢালিউডে।
সেখানেই শেষ নয়। আজিজুর রহমানের ‘ছুটির ঘণ্টা’ ছবিতে কাজের জন্য চূড়ান্ত করা হলো অঞ্জনাকে। সাইনিং মানি নয়, টোকেন মানি হিসেবে ছোট্ট একটি অঙ্ক তুলে দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু ছবিটিতে আর কাজ করা হয়নি অঞ্জনার। তিনি বলেন, ‘কাজের শিডিউলও ঠিকঠাক হয়ে যায়। পারিশ্রমিকের কিছু টাকা অগ্রিম আমাকে দিয়েছিলেন আজিজ ভাই। কিন্তু হঠাৎ করেই এর ভেতরে রাজনীতি ঢুকে যায়। কে বা কারা রাজনীতি করেছিল, সেটা এখন আর বলতে চাই না। শুধু বলি, তখন আমাকে “ছুটির ঘণ্টা” থেকে বাদ দেওয়া হলো। ছবিটায় কাজ করতে না পেরে খুব কেঁদেছিলাম। মনে আছে, আজিজ ভাই বলেছিলেন, “কাঁদিস না, তোর জীবনে অনেক ছবি হবে।” হয়েছেও তাই।’ অঞ্জনাকে নিয়ে পরে আজিজুর রহমান করেছিলেন ‘ফুলেশ্বরী’ ও ‘মেহমান’ নামে দুটি সিনেমা।
আজিজুর রহমানের মৃত্যুর খবর পেয়ে কাঁদছিলেন অঞ্জনা। মুঠোফোনে স্মৃতিচারণা করতে করতে কাঁদতে কাঁদতেই তিনি বলেন, ‘পারভেজ ভাই (মাসুদ পারভেজ সোহেল রানা) হাত ধরে আমাকে সিনেমায় এনেছিলেন। কিন্তু আজিজ ভাই যদি আমাকে “অশিক্ষিত” ছবিতে না নিতেন, আজ আমি অঞ্জনা হতে পারতাম না। আমার জীবনের মাইলফলক “অশিক্ষিত”। সেই গল্প, সেই সুমধুর গান আর আসবে না আমাদের চলচ্চিত্রে। আজিজ ভাইয়ের অবদান কোনো দিন ভুলব না আমি। চলচ্চিত্রের সব কিংবদন্তিকে একে একে হারিয়ে ফেলছি আমরা।’
তবে ‘অশিক্ষিত’র আগে আরও চারটি ছবিতে কাজ করে ফেলেছেন অঞ্জনা। সেগুলোতে অবশ্য তিনিই একমাত্র নায়িকা ছিলেন না। ‘অশিক্ষিত’ ছবিতে কাজের সুযোগ পাওয়ার ঘটনাও ভাগাভাগি করলেন এই অভিনেত্রী। ছবিটি বানানোর সময় নায়ক ঠিক করা ছিল। নায়িকার খোঁজ চলছে। একদিন আজিজুর রহমানের অফিসে ডাকা হলো অঞ্জনাকে। আজিজুর রহমান ও সত্য সাহা জোট বেঁধে কাজ করতেন। অঞ্জনা বলেন, ‘সত্যদা ছিলেন আমাদের পরিবারের সদস্যের মতো।
একদিন ফোনে তিনি আমাকে বললেন, “তুই কি আমার অফিসে একবার আসতে পারবি?” আমার তখন অন্য একটি ছবির শুটিং চলছিল। ছুটি নিয়ে পরদিন গেলাম। আমি তখনো জানতাম না যে এই ছবিতে আমাকে নেওয়া হবে। আমাকে দেখে দাদা বললেন, “তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই রাজ্জাক ভাইয়ের নায়িকা হবি।” আমাকে পরিচয় করিয়ে দিলেন আজিজ ভাইয়ের সঙ্গে। আমার ব্যাপারে রাজ্জাক ভাইয়ের মতামত নিলেন তাঁরা। রাজ্জাক ভাইও সায় দিলেন। রাজ্জাকের বিপরীতে নায়িকা হচ্ছি, সে–ও একমাত্র নায়িকা। আমার ঘোর যেন কাটছিলই না।’
কয়েক দিনের মাথায় সাইনিংয়ের জন্য ডাকা হলো নায়িকাকে। সাইনিংয়ের জন্য তখন অঞ্জনা নিতেন ১০ হাজার টাকা। ‘অশিক্ষিত’ ছবির জন্য নিয়েছিলেন ২০ হাজার। এরপর শুরু হলো শুটিং। ঢাকা ও এর আশপাশে ২০ দিন শুটিং হয়েছিল ছবিটির। একটি গানের শুটিং হয়েছিল চট্টগ্রামে। শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণা করে অঞ্জনা বলেন, ‘আজিজ ভাই বলেছিলেন, “তুমি তোমার মতো করে সংলাপ বলবে। তোমার ভেতরের গুণটাকে দেখানোর চেষ্টা করবে। আমি কিছুই বলব না। তুমি শুধু একটু ইমোশন ধরে রাখবা আর কমেডির জায়গায় ঠিকঠাক কমেডিটা করবা।” তবে মাঝে মাঝে শুটিংয়ের মধ্যে আজিজ ভাই হাসতে হাসতে মজা করে বলতেন “এই স্টুপিড, এই স্টুপিড, তোরা সব স্টুপিড।” কথাগুলো খুব কানে বাজে।’
কোন তারকার কোন খাবার প্রিয়, শুটিংয়ে তাঁকে সেটা খাওয়াতে চেষ্টা করতেন আজিজুর রহমান। অঞ্জনা পছন্দ করতেন মিষ্টি। পরিচালকের কাছ থেকে মিষ্টি খাওয়ার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আজিজ ভাইয়ের সহকারী ছিলেন মনতাজুর রহমান আকবর। একবার সাভারে শুটিং চলছিল। তিনি আকবর ভাইকে দিয়ে সাভার থেকে অনেক রসগোল্লা আনালেন। এত খাবে কে! আমি বললাম, আজিজ ভাই এত মিষ্টি? মজা করে তিনি বললেন, “আরে খাও খাও, জীবনটাই তো খাওয়ার। খাওয়ার মধ্যে জীবনের সুখ।” শেষ কবে কথা হয় আজিজুর রহমানের সঙ্গে? অঞ্জনা বলেন, ‘কানাডা যাওয়ার আগে ২০২০ সালের শুরুর দিকে শাবানা আপার ঢাকার বাসায়। ওই সময় শাবানা আপা সবাইকে নিয়ে একটা গেট-টুগেটার করেছিলেন। আমরা সবাই একসঙ্গে ছবিও তুলেছিলাম। ওই দিন আজিজ ভাই আমাকে কানাডায় ঘুরতে যেতে বলেছিলেন। যাওয়া হয়নি। আর দেখা হবে না। আজিজ ভাই আমার চলচ্চিত্রজীবন ভরিয়ে দিয়েছেন। তিনি যেখানেই থাকুন, আমার শ্রদ্ধা, ভালোবাসায় থাকবেন তিনি সারা জীবন।’