আট সহকারী নিয়ে শুটিংয়ে নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

আইটেম গানের শুটিং। এক দিনের জন্য ঢাকা থেকে নায়িকা যাবেন ফরিদপুর। দূরের পথে ভয়, সঙ্গে তাই আট সহকারী। একজন নায়িকার সঙ্গে আটজন সহকারী গিয়ে সেটে হাজির হওয়ায় বিব্রত সবাই। কে এই নায়িকা!

মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

ওই শুটিং সেটে উপস্থিত কেউ কেউ বলছেন, একে তো নতুন নায়িকা, এখনো তেমন কোনো আলোচিত ছবি মুক্তি পায়নি তাঁর। তিনি নাকি সঙ্গে করে এনেছেন আটজন সহকারী! এই নায়িকা ঢালিউডের আলোচিত ও সমালোচিত মিষ্টি জান্নাত। ২ অক্টোবর ফরিদপুরে শুরু হয়েছে ‘বীরত্ব’ ছবির শুটিং। ছবির প্রধান নায়ক-নায়িকা ইমন ও সালওয়া। এই ছবির প্রযোজকের পরের ছবিতে অভিনয় করতে হলে ‘বীরত্ব’ ছবির আইটেম গানে পারফর্ম করতে হবে। এমন শর্তে রাজি হয়েছেন মিষ্টি জান্নাত।

কিন্তু আটজন সহকারী নিয়ে কেন হাজির হলেন তিনি? জান্নাত জানান, রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত টানা শুটিং করেছেন। আট সহকারীর প্রসঙ্গ উঠতেই কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজারের টাকা তো ইউনিট দেয় না, আমিই দিই। তাঁদের খাবারও শুটিং ইউনিটের বাইরে থেকে আনা হয়েছিল।’ তবে তিনি এ–ও বলেন, ‘ঢাকা থেকে অনেক দূর, আম্মুও ছিল না। তাই এত লোক নিয়ে সেখানে যাওয়া। তা ছাড়া “অন্য সমস্যা”র কারণে আমার একটু প্রোটেকশনও দরকার হয়। মানুষ আমাকে মাঝেমধ্যে হুমকি দিয়েছিল। পরিবারের সবাই এ জন্য ভয়ে আছেন। ঢাকার বাইরে শুটিং থাকলে তাই ভিআইপি প্রোটেকশন থাকে।’

মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

‘বীরত্ব’ ছবির শুটিংয়ের ব্যবস্থাপনার ত্রুটি ছিল বলে জানান মিষ্টি জান্নাত। তাই শুটিং ইউনিটের কিছু খাননি তিনি। ‘বীরত্ব’ ছবির পরিচালক সাইদুল ইসলাম। আর ওই আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জি বাংলা চ্যানেলের সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা। ২০ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে ছবিটির শুটিং চলবে।