আফজালের চোখে শাকিব, শাকিবের চোখে আফজাল
দুই সময়ের সেরা দুই তারকা আফজাল হোসেন ও শাকিব খান। প্রথমজন এখন অভিনয়ে অনিয়মিত, পরেরজনের এখন ব্যস্ত সময়। যদিও দেড় দশকের বেশি সময় ধরে ব্যস্ত তিনি। একজনের অভিনয়জীবন ৪৭ বছরের, আরেকজনের ২২ বছর। এই দুই তারকার কখনো সামনাসামনি দেখা হয়নি। গত ১২ নভেম্বর ভোরে তাঁদের প্রথম সামনাসামনি দেখা, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বোর্ডিং পয়েন্টে। কুশল বিনিময়। এরপর ইমিগ্রেশন পার হয়ে লাউঞ্জে আড্ডা। একসময় বিমানের ভেতরে যাওয়ার ডাক পড়ে। দুজনেরই গন্তব্য নিউইয়র্ক। আসন তাঁদের পাশাপাশি। তার্কিশ এয়ারলাইনসের বিমানে চড়ে ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে একসময় তাঁরা পৌঁছান নিউইয়র্কে। সাড়ে ১২ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তাঁরা যখন নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে পৌঁছান, তখন স্থানীয় সময় রাত নয়টা। লম্বা ভ্রমণে তাঁরা দুজন দুজনকে নানাভাবে আবিষ্কার করেছেন।
নিউইয়র্কে গিয়ে দুজন ব্যস্ত হয়ে যান। একই হোটেলের পঞ্চম তলায় থাকায় আসা-যাওয়ার পথে দুজনের কথা হয়। কখনো লবির এক কোণে দাঁড়িয়ে, কখনোবা চেয়ারে বসে আড্ডায় মেতে ওঠেন। এসব আড্ডায় শাকিবে মুগ্ধতা প্রকাশ করেন আফজাল আর আফজালে উচ্ছ্বসিত ছিলেন শাকিব। আফজাল হোসেন বললেন, এটা কারও অস্বীকার করার উপায় নেই, শাকিব একটা চমৎকার অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে শাকিব খান তাঁর এবারের ভ্রমণকে জীবনের অন্যতম সেরা ভ্রমণ হিসেবে মনে করছেন। বললেন, আফজাল হোসেনের সঙ্গে এত সুন্দর করে মিশতে পারাটা শিক্ষণীয় সফর।
ছোটবেলা থেকেই আফজাল হোসেনের অভিনয় ও স্টাইলে মুগ্ধ শাকিব খান। মা–বাবার মাধ্যমেই শাকিব প্রথম তাঁকে জানার সুযোগ পান। নব্বইয়ের দশকে কূল নাই কিনার নাই নাটক দেখে আফজাল হোসেনে মুগ্ধতা তৈরি হয় শাকিবের। আলাপে শাকিব বললেন, ‘আমার মা-বাবা নাটকটি দেখছিলেন। কী যে সুন্দর নাটক! আফজাল আঙ্কেল ও সুবর্ণা ম্যডামের অভিনয়, উফ্, দারুণ। আর সিনেমা দুই জীবন-এর গান “আমি একদিন তোমায় না দেখিলে” দেখে মনে হতো, উনি কি বম্বের হিরো? একটা বম্বে বম্বে হিরো টাইপ কিন্তু। গলায় মাফলার, অন্য রকম জিনস, চোখে সানগ্লাস, ছিপছিপে গড়নের একজন মানুষ। “আমি একদিন তোমায় না দেখিলে”—এসব গান আজ থেকে ৫০ বছর পরও আধুনিক ও সমসাময়িক। এখনো তিনি ভাবান, কত বড় স্টার তিনি। স্টাইল আইকনও তিনি।’
কথায় কথায় শাকিব খান বললেন, ‘দেশের বিজ্ঞাপনচিত্রকে নান্দনিকভাবে উপস্থাপনের ব্যাপার তো তিনিই শিখিয়েছেন। অ্যাজ আ হিরো, আমাদের আগের প্রজন্ম, মানে আমার বাবা-মায়েদের কাছে তিনি স্বপ্নের মানুষ। তিনি যে কত বড় স্টার, তা আমরা নানাভাবে অনুভব করি। তাঁর সঙ্গে এত সুন্দর করে মিশতে পারাটা শিক্ষণীয় সফর। এই সুযোগ সব সময় পাওয়া যায় না।’
ছোটবেলা থেকে চলচ্চিত্রপ্রেমী আফজাল হোসেন। জন্মস্থান সাতক্ষীরায় সময় সুযোগ পেলেই সিনেমা হলে ঢুঁ মারতেন। সিনেমা তাঁকে এতটাই টানত যে ঢাকায় আসার প্রথম দিনে তিনি প্রেক্ষাগৃহে ঢুকে পড়েন। ১৯৭০ সালে ঢাকার বলাকা প্রেক্ষাগৃহে দেখেন ‘দর্পচূর্ণ’ চলচ্চিত্র। আফজাল হোসেন বললেন, ‘সিনেমা নিয়ে এতটাই আগ্রহ ছিল যে কখনো সিনেমা দেখার মতো অতটা সময় না থাকলেও হলের সামনে আসিতেছে, চলিতেছে লেখা থাকা ছবিগুলো দেখে আসতাম। দর্শকের আগ্রহ বাড়াতে সেই ছবিগুলোও বিশেষভাবে তোলা হতো।’
চলচ্চিত্র অন্তঃপ্রাণ আফজাল হোসেন শাকিব খান অভিনীত চলচ্চিত্রের খোঁজখবর প্রথম পান টেলিভিশনে। অনুষ্ঠানের ফাঁকে কখনো শাকিবের সিনেমার গান দেখতেন, কখনো অংশবিশেষ। প্রথম পুরো সিনেমা দেখেছেন শিকারি, কলকাতার প্রেক্ষাগৃহে শাকিবের সেই ছবি মুগ্ধ করে আফজাল হোসেনকে। তিনি বললেন, ‘এটা কারোরই অস্বীকার করার উপায় নেই, শাকিব খান নিজের একটা অবস্থান তৈরি করেছে। তার বিরাট একটা দর্শকশ্রেণি আছে। সে শুধু বাংলাদেশি ফিল্মের হিরো, তা–ও নয়। যখন সে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করেছে, আমি দেখেছি, একজন কনটেম্পোরারি হিরোর যা কিছু থাকা লাগে, তার মধ্যে সবই আছে। এত গুণ থাকা সত্ত্বেও তাকে যদি আমরা দেখি, আপতদৃষ্টে মনে হবে, সে কাজ ছাড়া আছে। মানে সেই মানের ছবি তো নেই। মানে তাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, এ রকম সিনেমা আমাদের দেশে কেউ বানাতে পারছে না। তার মধ্যে দারুণ একটা পাওয়ার আছে। কিন্তু এই যে একটা এত বড় পাওয়ার, এটা ব্যবহারের কথা আমরা কেউ ভাবি না।’
‘জনপ্রিয় নায়কদের অনেকে সব সময়ই নায়কোচিত ব্যাপার ছাড়তে পারে না। বহু মানুষকে দেখেছি, মাথার মধ্যে এ ব্যাপার চলাফেরা করে। শাকিবের সঙ্গে যতটা সময় কেটেছে, সে নিজের নায়কোচিত ব্যাপারটা ঝেড়ে মিশেছে। এটা কিন্তু একটা বড় যোগ্যতা, যা শাকিবের রয়েছে। ওর মধ্যে একধরনের সিম্পলিসিটি আছে’—শাকিব খান প্রসঙ্গে আফজাল হোসেন।
কেন এমনটা মনে করছেন জানতে চাইলে আফজাল হোসেন উদাহরণ টেনে বললেন, ‘আমি যদি রাজ্জাকের কথা বলি, তখন কিন্তু তাঁর সঙ্গে পাশাপাশি ১০-১৫ জন প্রতিভাবান পরিচালক ছিল। যারা পজিটিভ চিন্তাভাবনা করে তাকে একটা জায়গায় নিয়ে যেত। কিন্তু আমি শাকিবের পাশে দেশে সে রকম প্রতিভাবান ১০-১৫ জন দেখি না, যারা তার মেধা কাজে লাগাতে পারে। একটা প্রতিভাবান লোকের আশপাশে তাকে সাপোর্ট করার মতো কেউ না থাকলে সে কিন্তু ফ্রাস্টেটেড হয়ে উল্টাপাল্টা কাজ করে। তবে একটা বিষয় মনে হয়েছে, চারপাশে বোঝানোর মতো সেই লোক (পরিচালক) না থাকলেও নিজের উদ্যোগে শাকিব সবকিছু করছে বলে মনে হয়। চারপাশে বোঝানোর লোক নেই বলছি এই কারণে, সে রকম সিনেমা তো দেখি না, যে ছবিগুলোর মধ্য দিয়ে সে সম্পন্ন হয়েছে।
তার সঙ্গে দীর্ঘ আলাপে বুঝেছি, শাকিবের ধ্যানধারণা সব সিনেমাকেন্দ্রিক। সিনেমা তার ভালোবাসা, পেশা নয়। টাকা রোজগার করাটা মুখ্য নয়। তার সেই আবেগ বোঝা যায়। সে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছে, খুবই একা। এ ধরনের মানুষের প্রতি সবার রেসপেক্ট তৈরি হওয়ার কথা। সেলফ মেড ম্যান বলতে আমরা যেটা বুঝি, সেটা শাকিব খান। যখন সে শুরু করেছিল, তখন তো উল্লেখ করার মতো কিছুই ছিল না। তারপরও নিজের চেষ্টায় এখন সে এমন চমৎকার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যা কেউ অস্বীকার করতে পারবে না। তার নিজের দারুণ একটা ব্যক্তিত্ব তৈরি করেছে। সে ফিল্ম বিষয়টা বেশ ভালোই বোঝে।’
শাকিব খানের কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ‘শাকিবের মধ্যে একধরনের সিম্পলিসিটি আছে। অনেক অভিজ্ঞতা আছে। জনপ্রিয় নায়ক মানে অনেকে সব সময়ই নায়কোচিত ব্যাপার ছাড়তে পারে না। বহু মানুষকে দেখেছি, মাথার মধ্যে এ ব্যাপার চলাফেরা করে। শাকিবের সঙ্গে যতটা সময় কেটেছে, সে নিজের নায়কোচিত ব্যাপারটা ঝেড়ে মিশেছে। এটা কিন্তু একটা বড় যোগ্যতা, যা শাকিবের রয়েছে’—বললেন আফজাল হোসেন।
‘শিকারি’ মুক্তির আগপর্যন্ত শাকিব খান অভিনীত অন্য চলচ্চিত্র পুরো দেখা হয়নি আফজাল হোসেনের। এই চলচ্চিত্র পুরো দেখার কারণ হিসেবে বললেন, ‘কলকাতায় বাংলাদেশের একজন অভিনয়শিল্পী অভিনয় করছে, তাকে দেখা উচিত। আমার মনে হয়, আমরা দেশের সবাই তাকে ওখানে দেখে চমকে গেছি। তার মধ্যে সক্ষমতা কতটুকু আছে, তা শাকিব তখন বুঝিয়ে দিয়েছে। খুবই চমকানোর ব্যাপার, আমাদের চলচ্চিত্রে ওকে ওভাবে দেখি না। তার চলনে, বলনে, অভিনয়ে, স্টাইলে, নাচে পুরো একটা প্যাকেজ। কমপ্লিট হিরো। এত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে আমরা সেভাবে পাইনি বাংলাদেশের চলচ্চিত্রে।’
‘তিনি পুরোপুরি মুগ্ধতার এক নাম। সামনাসামনি প্রথমবার বিমানবন্দরে দেখে মুগ্ধ। সত্তরের কাছে বয়স, এখনো কী স্মার্ট! ওই বয়স পর্যন্ত বেঁচে থাকলে অতটা স্মার্ট থাকব কি না, সন্দেহ আছে। সময়কে তিনি কখনো তাঁর আগে যেতে দেননি’—আফজাল প্রসঙ্গে শাকিব খান।
আফজাল হোসেনের কোন দিকটা ভালো লেগেছে জানতে চাইলে শাকিব খান বললেন, ‘তাঁর সবদিকই আমার ভালো লেগেছে। তিনি পুরোপুরি মুগ্ধতার এক নাম। সামনাসামনি প্রথমবার বিমানবন্দরে দেখে মুগ্ধ। সত্তরের কাছে বয়স, এখনো কী স্মার্ট! ওই বয়স পর্যন্ত বেঁচে থাকলে অতটা স্মার্ট থাকব কি না, সন্দেহ আছে। সময়কে তিনি কখনো তাঁর আগে যেতে দেননি। সময়কে তিনি সঙ্গে নিয়েই চলেছেন। এই মানুষ আমার পাশে বসে, আমার ছবি তুলে দিচ্ছেন, কী অনুভূতি হয়েছে, বলে বোঝাতে পারব না। আফজাল হোসেন আমার যে ছবি তুলে দিয়েছেন, তা আমার বাড়িতে বড় করে বাঁধিয়ে রাখব। কারণ, ছবিটা তুলেছেন গ্রেট আফজাল হোসেন।’
আফজাল হোসেনের সান্নিধ্য শাকিবকে নতুন করে ভাবিয়েছে। তাঁর মতে, ‘আমরা গুণী মানুষদের সঙ্গে খুব একটা মিশিও না। সব সময় শুধু ভাবি। কিন্তু দেশে তো হাতে গোনা কিছু গুণী মানুষই আছেন, সেকাল–একাল যেই কালের কথাই বলি না কেন। আমাদের কোনো না কোনো ওয়েতে একসঙ্গে থাকা উচিত। তাহলে আমাদের সিনেমা, টেলিভিশন, গানের অঙ্গন—যা–ই বলি না কেন, অনেক দূর এগোবে।’