আবার ব্যস্ত মিশা
একটা সিনেমার শুটিং শেষ করে তড়িঘড়ি অন্য শুটিং ইউনিটে ছুট—করোনার আগে মোটামুটি এই ছিল মিশা সওদাগরের প্রাত্যহিক রুটিন। এমনও হয়েছে, খল এই অভিনেতাকে এক দিনে পাঁচটি সিনেমার শুটিং করতে হয়েছে। করোনার কারণে এমন ব্যস্ততা ছিল না দীর্ঘদিন। সম্প্রতি আবার একসঙ্গে চার ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন শুটিংয়ে যাচ্ছিলেন মিশা সওদাগর। কিসের শুটিং? এই অভিনেতা বলেন, ‘“ঘর ভাঙ্গা সংসার” সিনেমার শুটিং শেষ করে “রিভেঞ্জ” সিনেমার শুটিংয়ে যাচ্ছি।’ দীর্ঘদিন পর আগের মতো ব্যস্ততায় কিছুটা স্বস্তি ফিরেছে। এই অভিনেতা বলেন, ‘করোনায় সিনেমার শুটিং একদম কমে গিয়েছিল। প্রযোজকেরা ভয় পাচ্ছিলেন বিনিয়োগ করতে। এখন সেই পরিবেশ কিছুটা ভালো, কাজ বাড়ছে। খেয়ে–পরে বেঁচে থাকার মতো কাজ হচ্ছে। কাজের মধ্যে থাকতে ভালো লাগে। করোনায় নিয়ম মেনে শুটিং করতে কিছুটা কষ্ট হয় অবশ্য।’
‘ঘর ভাঙ্গা সংসার’ আর ‘রিভেঞ্জ’ ছাড়াও ‘অমানুষ’ ও ‘প্রেমপ্রীতি বন্ধন’ ছবিতে কাজ করছেন মিশা সওদাগর। একই সময়ে একটি চরিত্র থেকে অন্য চরিত্রে অভিনয় করতে সমস্যা হয় না?
মিশা বলেন, ‘চরিত্রনির্ভর গল্প করতে গেলে সমস্যা হয়। কিন্তু আমি এখন যে চরিত্রগুলো করছি, সেখানে সাধারণ ভিলেন হিসেবেই আমাকে দেখা যাবে। বলতে গেলে চরিত্রগুলো অনেকটাই কমন। আমাদের সমাজ খল চরিত্রে পরিপূর্ণ। বেশির ভাগ খল চরিত্রই এক রকম হয়ে থাকে। তবে সব সময় মনে রাখি প্রতিটা সিনেমায় ডায়ালগ ও প্রকাশভঙ্গি যেন একই রকম না হয়।’