আবার বড় পর্দায় পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপি
পপি

পপি ভক্তদের জন্য আনন্দের সংবাদ। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনয়শিল্পী আবারও বড় পর্দায় ফিরছেন। আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘দুই বেয়াইয়ের কীর্তি’। ছবিটির পরিচালনা করেছিলেন আবদুল্লাহ-আল মামুন।
একটা সময় ছিল যখন পপি অভিনীত এক বা একাধিক ছবি প্রায় প্রতি মাসেই মুক্তি পেত। কিন্তু কয়েক বছর ধরে প্রেক্ষাগৃহে পপি অভিনীত ছবির সংখ্যা মুক্তি অনেকটাই কমে গেছে। পপি বললেন, ‘শুধু আমার কেন, আমাদের সমসাময়িক অনেক শিল্পীই এখন আর সেভাবে অভিনয় করছেন না। তাই ছবি মুক্তির সংখ্যাটা কমে যাওয়াটাই স্বাভাবিক। এ ছাড়া এখন বছরে ছবি নির্মাণের সংখ্যাটাও অনেক কমে গেছে। আগে যেমন বছরে শতাধিক ছবি মুক্তি পেত এখন তা নেমে এসেছে ২০ থেকে ২৫ টির মধ্যে।
দুই বেয়াইয়ের কীর্তি ছবিটি প্রসঙ্গে পপি বলেন, ‘আট বছর আগে ছবিটির কাজ করেছিলাম। অনেক কিছু এখন মনেও নাই। সবকিছুর পরও যে ছবিটি মুক্তি পাচ্ছে তা জেনে খুব ভালো লাগছে। মামুন ভাইয়ের পরিচালনায় আমার দ্বিতীয় ছবি এটি। তাঁর মতো একজন বড়মাপের নির্মাতার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অনেক দিন পর ছবিটি মুক্তি পাচ্ছে। আজ, যদি মামুন ভাই বেঁচে থাকতেন তাহলে ভালো লাগাটা কাজ করত আরও বেশি। তাঁর শূন্যতা খুব অনুভব করছি।’
পপি এও বলেন, ‘তিনি (আবদুল্লাহ আল মামুন) আমাকে অনেক স্নেহ করতেন। ছবির শুটিংয়ের সময় নানা ধরনের কথার মাধ্যমে আমাকে অভিনয়ের ব্যাপারে অনেক উৎসাহ দিতেন। তাঁর অনেক উপদেশ আমার অভিনয় জীবনে অনেক বেশি কাজে দিয়েছে।’

অনেক দিন পর ছবি মুক্তি পাওয়ায় যেমন আনন্দিত ঠিক তেমনি একরকম দুঃখবোধও আছে পপির। বললেন, ‘এই ছবির ডাবিং নিয়ে বড় ধরনের একটা জটিলতা ছিল। শেষ পর্যন্ত তা করতে পারিনি।’
পপি অভিনীত ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবিটি গত বছরের নভেম্বর মাসে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি ছিল তিন বছর বিরতির পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পপি অভিনীত কোনো চলচ্চিত্র।