আবার মঞ্চে অনন্ত জলিল, কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত জলিলের সেলফি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অনন্ত জলিলের সেলফি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল আবার মঞ্চে আসছেন। জানা গেছে, আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ নাইট ২০১৭’ অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। কিন্তু তিনি কী পারফর্ম করবেন? সিডনি থেকে এই আয়োজনের পোস্টার প্রকাশের পর অনেক দর্শকের মনেই তৈরি হয়েছে প্রশ্নটি। কারণ, তাবলিগ জামাতে যুক্ত হওয়ার পর এরই মধ্যে বিনোদন জগৎ থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন তিনি।

সিডনিতে ‘বাংলাদেশ নাইট ২০১৭’ আয়োজনের অন্যতম আয়োজক ডিরকস্টার শুভ আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘এই আয়োজনে অনন্ত জলিল অংশ নিচ্ছেন। অনেক আগেই তাঁর সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। এই চিত্রনায়কের পরামর্শ অনুযায়ী আমরা তাঁর জন্য আলাদা একটা সেগমেন্ট সাজিয়েছি। তাঁকে কোনোভাবেই খাটো করা হবে না। এখানে তাঁর সঙ্গে থাকব আমি আর মুনমুন। আশা করছি, অনুষ্ঠানে যাঁরা আসবেন, তাঁরা এই সেগমেন্টটি উপভোগ করবেন। আমরা তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছি। অনুষ্ঠানে তা দেখানো হবে।’

এদিকে গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন, ‘বাংলাদেশ নাইট ২০১৭ আয়োজনটি চ্যারিটি অনুষ্ঠান। এই ইভেন্ট থেকে যা আয় হবে, তা একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এ কারণেই আমি এতে অংশ নিচ্ছি। আর এখানে আমার পারফর্মেন্স আপনাদের পছন্দ হবে।’

শুভ জানিয়েছেন, ‘বাংলাদেশ নাইট ২০১৭’ আয়োজনে আরও অংশ নিচ্ছেন জেমস, অর্থহীন, ডিজে রাহাত। অনুষ্ঠানটি আয়োজন করছে লিসেন ফর। ‘বাংলাদেশ নাইট ২০১৭’ অনুষ্ঠিত হবে সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকেল পাঁচটায়। শুরুতেই থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। জেমস মঞ্চে উঠবেন রাত সাড়ে আটটায়। দেড় ঘণ্টা গান করবেন তিনি।

এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করেছে অর্থহীন ও সুমন। শুভ বলেন, ‘শরীরে পরপর অনেকগুলো বড় অস্ত্রোপচার হলেও সুমন যথেষ্ট আত্মবিশ্বাসী। মানসিকভাবে খুবই শক্ত। গতকাল তাঁর প্র্যাকটিস দেখেছি। খুবই ভালো করছেন। আশা করছি, অর্থহীনকে নিয়ে সুমন চমৎকারভাবে আবার ফিরে আসছেন।’