আবারও জায়েদ খানের জুটি পিয়া বিপাশা

এ বছরই পিয়া বিপাশা ‘মনের রাজা’ ছবিতে জুটি বেঁধেছিলেন জায়েদ খানের সঙ্গে। সে ছবির কাজও শুরু হয়েছে। এরই মধ্যে আরও একটি নতুন ছবিতে জায়েদ খানের জুটি হলেন পিয়া বিপাশা। নতুন এই ছবির নাম ‘মাটি’। এ ছবি পরিচালনা করবেন আজিজুর রহমান।
প্রায় আট বছর পর আবারও পরিচালনায় নামছেন পরিচালক আজিজুর রহমান। ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘অতিথি’সহ একাধিক নন্দিত ছবির পরিচালক আজিজুর রহমানের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে জায়েদ ও পিয়া দুজনই আনন্দিত।
এই পরিচালকের ছবিতে কাজের প্রসঙ্গে জায়েদ খান বলেছেন, ‘এই পরিচালকের একাধিক জনপ্রিয় ছবি আমি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছি। এত বড় মাপের একজন পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হচ্ছে। কাজটি ভালোভাবে করতে পারলে আমার চলচ্চিত্রের ক্যারিয়ারে তা নতুন মাত্রা যুক্ত করবে।’
একই অনুভূতি ব্যক্ত করেছেন অভিনেত্রী পিয়া বিপাশাও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে আমি নতুন। শুরুর দিকেই একজন তারকা পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছি। চলচ্চিত্রে আমার জন্য এটি একটা ইতিবাচক দিক হবে।’
এদিকে, পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে এ ছবির গল্প তৈরি হয়েছে। পরিচালক আরও জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের শেষের দিক থেকে ছবির শুটিং শুরু হবে। কানাডার টরন্টোতে ছবির বেশি অংশের শুটিং হওয়ার কথা।
‘মাটি’ ছবিতে আরও অভিনয় করছেন ববিতা, শম্পা রেজা, আহমেদ শরীফ প্রমুখ।