আবারও বাপ্পী–অধরা একসঙ্গে
নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন অভিনয়শিল্পী বাপ্পী চৌধুরী ও অধরা খান। ১৬ ডিসেম্বর ঢাকায় শুটিং শুরু হবে ছবিটির। ‘বিনিময়’ নামের এই ছবির পরিচালক অপূর্ব রানা।
ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বাপ্পী বলেন, ‘বেশ আগেই আমরা দুজন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা একসঙ্গে “নায়ক” ছবিতে অভিনয় করেছিলাম। এই ছবির গল্প পড়ে খুব ভালো লেগেছে। ঠিকঠাকভাবে কাজ করতে পারলে ভালো একটি ছবি হবে বলে আশা করি।’ অধরা খান জানান, গত অক্টোবরে চুক্তিবদ্ধ হয়েছেন ছবিটিতে। বাপ্পীর বিপরীতে তিনি অভিনয় করছেন।
এর আগে ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ ছবিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেন বাপ্পী চৌধুরী ও অধরা খান। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এরপর গত মে মাসে সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’ নামে আরেকটি ছবিতে জুটি বাঁধেন দুজন। দুদিন শুটিং হওয়ার পরে এখন বন্ধ আছে ছবির কাজ।