আবারও শুরু হচ্ছে 'টার্গেট'-এর শুটিং

এপ্রিল মাসে শেষবারের মতো ‘টার্গেট’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অভিনেতা নিরব। এরপর প্রযোজক ও পরিচালকের সিদ্ধান্তহীনতার কারণেই নাকি আর এ ছবির শুটিংও করা হয়নি। অবশেষে সব ঝামেলার মিটে যাওয়ার পর আবারও এ ছবির শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
‘টার্গেট’ ছবির শুটিংয়ে অংশ নিতে দলবল নিয়ে ৩ ডিসেম্বর কক্সবাজার যাচ্ছেন নিরব। থাকবেন সপ্তাহখানেক। এই লটে ছবির পুরো কাজ শেষ হয়ে যাবে বলেই জানান তিনি।
নিরব বলেন, ‘টার্গেট ছবির কাজ আবারও শুরু হতে যাচ্ছে— এ খবর শুনে একজন অভিনয়শিল্পী হিসেবে আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর একটি গল্প নিয়েই এই ছবিটি। আর একেবারে ভিন্ন একটি রূপেই সবাই এ ছবিতে আমাকে দেখতে পাবেন।’
অয়ন চৌধুরীর রচনা ও সংলাপে ‘টার্গেট’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত বছরের ১৬ জুলাই। অ্যাকশন রোমান্টিক ধাঁচের এই চলচ্চিত্রে দেখা যাবে তিন জুটিকে। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি হন আনিসুর রহমান মিলন ও আইরিন।
অন্যদিকে, অভিনেতা নিরবের সঙ্গে জুটি হয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অমৃতার। ‘গেইম’ ছবির পর আবারও তাঁরা জুটিবদ্ধ হয়েছেন ‘টার্গেট’ ছবিতে। ‘টার্গেট’ ছবির আরেক জুটি তানভির ও তন্ময়।