আমার অবস্থা হয়েছে হিলারির মতো: ওমর সানী

‘শিল্পী সমিতির নির্বাচনে আমাকে হারানো হয়েছে। ভোর পাঁচটা পর্যন্ত ভোট গণনায় সভাপতি হিসেবে আমিই এগিয়ে ছিলাম। একদম শেষের দিকে ফলাফল বদলে দেওয়া হয়েছে।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে আজ রোববার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন ওমর সানী।
শুধু নিজের বিষয়ে কথা বলেননি এ অভিনেতা। নির্বাচনে প্রার্থী হওয়া আরও কয়েকজন শিল্পীর ব্যাপারেও মুখ খোলেন ওমর সানী। তাঁর মতে, শুধু আমাকে নয়, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, নতুনসহ শাকিবের সঙ্গে সম্পর্ক আছে, এমন অনেক শিল্পীকে জোর করে হারানো হয়েছে।
ওমর সানীর দাবি, ‘সত্যিকারের শিল্পী যাঁরা, তাঁরা আমাকে অনেক ভালোবাসেন। ফেসবুকেও অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন। এবারের নির্বাচনে শিল্পীদের ভালোবাসা আবার নতুন করে উপলব্ধি করলাম। এত কিছুর পরও আমার অবস্থা অনেকটা হিলারির মতো। তিনি যেমন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জনপ্রিয় কিন্তু নির্বাচনে তাঁকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হতে হয়েছে। প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এটাই এখনকার বাস্তবতা। আমাদের শিল্পী সমিতির নির্বাচনের অবস্থাটাও অনেকটা এমন হয়েছে।’
এমনটা মনে হওয়ার কারণ কী, জানতে চাইলে ওমর সানী বলেন, ‘শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রচুর টাকার ছড়াছড়ি হয়েছে। নীরবে পেশিশক্তিও প্রদর্শন করা হয়েছে। আরও বলতে চাই, আমি নোংরা রাজনীতির শিকার। আমার বন্ধু মিশা সওদাগরকেও এসব বিষয়ে বলেছি। তাঁকে অনুরোধ করেছি, শিল্পী সমিতি সংশোধন করতে। যদি আমরা শিল্পী সমিতির ব্যাপারটি সংশোধন না করি, তাহলে আগামী বছর আরও পেশিশক্তির প্রয়োগ আমরা দেখব।’
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়ে মিশা সওদাগরের কাছে হেরে যান ওমর সানী। মিশা পান ২৫৯ ভোট। আর ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট।