‘আমার একমাত্র চেষ্টা তারামন হয়ে ওঠা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তারামন’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন তানহা তাসনিয়া
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ‘বীর প্রতীক’ উপাধি পেয়েছিলেন তারামন বিবি। তাঁর যুদ্ধ এবং পরবর্তী জীবনসংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘তারামন’। নামভূমিকায় অভিনয় করবেন তানহা তাসনিয়া। পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ।

৩ নভেম্বর ‘তারামন’ নিয়ে এক সংবাদ সম্মেলনের একটি মুহুর্তে
ছবি: সংগৃহীত

এ চরিত্রের প্রস্তাব পাওয়ার পর অবাকই হয়েছিলেন এই তরুণ অভিনেত্রী। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। একটাই চিন্তা ছিল—চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন তো! আগে তারামন বিবি সম্পর্কে কিছুটা জানলেও এখন খুঁটিনাটি সবকিছু জানার চেষ্টা করছেন। তারামন বিবি–সম্পর্কিত বই ও তথ্য–উপাত্ত সংগ্রহ করছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনেক সিনেমা হয়েছে। কিন্তু যুদ্ধে নারীদের অবদান নিয়ে তেমন কোনো সিনেমা হয়নি। বীর প্রতীক তারামন বিবি আমাদের সবার প্রেরণা। এমন একজনকে নিয়ে সিনেমা আর আমি তাঁর প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে অনেক গৌরবের, সম্মানের। এটা আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’

তানহা তাসনিয়া
ছবি: সংগৃহীত

তাসনিয়া আরও বলেন, ‘এ ধরনের কোনো চরিত্রে আমি আগে অভিনয় করিনি। চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি এখন চরিত্রের মধ্যেই থাকব। এটা বুঝতে পারছি, নিজেকেও ভুলে যেতে হবে। একজন তারামন বিবি হয়ে ওঠার জন্য যা যা কষ্ট করতে হয় আমি করব। আমার একমাত্র চেষ্টা তারামন হয়ে ওঠা।’

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে
ছবি: সংগৃহীত

৩ নভেম্বর ‘তারামন’ নিয়ে এক সংবাদ সম্মেলনে সিনেমাটির নির্মাতা আমিনুর ইসলাম লিটন বলেন, ‘গল্পে তারামন বিবির যুদ্ধ ও যাপিত জীবনের বিশেষ অংশগুলো চিত্রায়িত হবে। গল্পের মধ্য দিয়ে আমরা তারামন বিবির ত্যাগ ও সাহসিকতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।’ তিনি জানান, সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে।