‘আমি বঙ্গবন্ধুকে কপি করিনি, তাঁর দর্শনকে ধারণ করার চেষ্টা করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
এল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্রের আনুষ্ঠানিক পোস্টার। এতে চূড়ান্ত করা হয়েছে ছবির নাম—‘মুজিব’। পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান চরিত্রের অভিনেতা আরিফিন শুভ। তিনি কথা বললেন প্রথম আলোর সঙ্গে।

প্রশ্ন :

পর্দায় ‘বঙ্গবন্ধু’র প্রতিচ্ছবি কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন?

এটা তো আমি বলতে পারব না। ছবি দেখার পর দর্শকেরা বলবেন। তবে পরিচালক শ্যাম বেনেগাল স্যার আমার কাজে খুশি হয়েছেন। আমি শুধু পর্দায় বঙ্গবন্ধুর চরিত্র হয়ে আসছি। আমি একে অভিনয় বলব না, তার কারণ আছে। আমাকে পরিচালক বলেছিলেন, ‘ডোন্ট কপি হিম’ (তাঁকে নকল কোরো না)। তাই আমি বঙ্গবন্ধুকে কপি করিনি। তাঁর দর্শনকে ধারণ করার চেষ্টা করেছি। পরিচালক এ–ও বলে দিয়েছিলেন, একদম তাঁর মতো ওঠাবসা, কথা বলার দরকার নেই। এটা করতে গেলে কপি করতে হতো। আমাকে তিনি বঙ্গবন্ধুর আত্মিক জায়গাটা ধরতে বলেছিলেন। তাই আমি বলতে পারি, তাঁর চরিত্র নিয়ে পর্দায় আসছি।

প্রশ্ন :

দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। চরিত্রে ঢুকে সেখান থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে?

একটা প্রিটেন্ট করা, আরেকটা হচ্ছে বিয়িং (হওয়া)—দুটো দুই জিনিস। একটা তাঁর মতো অভিনয় করা, আরেকটা পর্দায় তাঁর চরিত্রের প্রতিফলন ঘটানো। মানসিক ও শারীরিকভাবে আমার ওপর বেশ প্রভাব পড়েছে। এ কারণে আমার মধ্যে একটা রেশ রয়ে গেছে।

আরিফিন শুভ
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

এই সিনেমা বানানোর জন্য একমাত্র শ্যাম বেনেগালই পারফেক্ট ছিলেন? অন্য কোনো অপশন ছিল কি না বা আমাদের দেশের কেউ বানাতে পারতেন বলে মনে করেন?

খুব সুন্দর প্রশ্ন। আমি আমার মতো করে উত্তর দিচ্ছি। একই উপাদান একেকজন রাঁধুনি একেকভাবে রান্না করেন। তাঁদের প্রত্যেকের রান্নার স্বাদ ভিন্ন ভিন্ন হবে। তার মানে এই নয় যে একজনের রান্না পাঁচজনের ভালো লাগবে, আরেকজনেরটা মন্দ লাগবে। বিষয় হচ্ছে, কাজটির প্রথম উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর বিচক্ষণতা দিয়ে মনে করেছেন, তাঁর বাবা, অর্থাৎ আমাদের জাতির জনকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু শ্যাম বেনেগাল হয়তো ঠিকভাবে তুলে আনতে পারবেন। যাঁরা শ্যাম বেনেগালের কাজ দেখেছেন, তাঁরা জানেন, তিনি বায়োগ্রাফিমূলক কাজের মাস্টার। কিন্তু বিষয়টি এমন নয় যে শ্যাম বেনেগাল ছাড়া অন্য কেউ বানালে ভালো হতো না।

আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

শুটিংয়ের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। শুটিং শেষে তাঁর সঙ্গে দেখা হয়েছে?

তিনি অনেক ব্যস্ত একজন মানুষ। তা ছাড়া তাঁর সঙ্গে আমার সরাসরি দেখা হওয়ার কথাও নয়। আমি শুধু তাঁর বাবার চরিত্রে পর্দায় এসেছিমাত্র। তবে আশা করি, এই ছবির ফাইনাল ভার্সনটা তিনি যেদিন দেখবেন, তারপর যদি কখনো তাঁর সঙ্গে দেখা হয়, আমি চাইব তিনি কাজটি নিয়ে আমাকে কিছু বলুন। তিনি বলেছিলেন, ‘ভালো করে করো।’ ভালো করে করতে পেরেছি কি না, এটা তাঁর কাছ থেকে শোনার আকাঙ্ক্ষা আছে।