আলোর মুখ দেখছে বারী সিদ্দিকীকে উৎসর্গ করা সেই সিনেমা
অনলাইনে মুক্তি পেয়েছে ‘ঢাকা ড্রিম’ সিনেমার ট্রেলার। ২২ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে সেন্সর পায় ‘ঢাকা ড্রিম’। কিন্তু করোনার কারণে বারবার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন হয়।
সিনেমাটির পরিচালক প্রসূন রহমান বলেন, ‘প্রান্তিক মানুষের আবহমানকালের স্বপ্ন নগরকেন্দ্রিক। কিন্তু সে নগর কি সবার স্বপ্নকে ধারণ করতে পারে? তবু কেন আসে মানুষ শহরে? কোন স্বপ্ন নিয়ে? জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় রাজধানীতে ভিড় করা এমন কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়েই “ঢাকা ড্রিম।”’
সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সুর ও সংগীত পরিচালনায় চলচ্চিত্রে দুটি গান রয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীত শিল্পী বারী সিদ্দিকী, অপরটিতে মমতাজ বেগম। ২০১৬ সালে কুমার বিশ্বজিতের স্টুডিওতে বারী সিদ্দিকীর কণ্ঠের গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির কাজ শুরু হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বারী সিদ্দিকীকে উৎসর্গ করা হয়েছে ‘ঢাকা ড্রিম’।
সিনেমার টাইটেল সংগীতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। যার সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। বাংলা ঢোলের অনলাইন প্ল্যাটফর্মে গানগুলো এরই মাঝে মুক্তি পেয়েছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহাদত হোসেন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।