আসছে 'আইসক্রিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসক্রিম ছবির দৃশ্যে উদয় ও নাফিজা
আইসক্রিম ছবির দৃশ্যে উদয় ও নাফিজা

নতুন বছরে আসছে রেদওয়ান রনির নতুন ছবি ‘আইসক্রিম’। তবে আইসক্রিমের জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত। তেমনটাই জানালেন ছবির পরিচালক।

‘আইসক্রিম’ নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবি ‘চোরাবালি’। দ্বিতীয় ছবি ‘আইসক্রিম’ প্রসঙ্গে পরিচালক তিনি বলেন, ‘শুটিং শেষ করেছি অনেকে আগে। কিছুদিন আগে ডাবিংয়ের কাজও শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এই কাজটি শেষ হলেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেব। ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ জানাতে পারব।’

তবে ছবি সংশ্লিষ্টদের ইচ্ছে, ফেব্রুয়ারির ১২ তারিখ ছবিটি দর্শকদের জন্য মুক্ত হোক। এ নিয়ে রয়েছে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব। একটু আফসোসের সুরে রনি বলেন, ‘সম্ভবত ওই তারিখে পারব না। তবে ফেব্রুয়ারির শেষে বা পরের মাসের শুরুতেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব বলে মনে হচ্ছে।’

‘আইসক্রিম’ ছবির মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তিন শিল্পীর। এঁরা হলেন উদয়, রাজ ও নাজিফা। ছবিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানি।

ছবির গল্প নিয়ে পরিচালক জানালেন, গল্পটা নাকি পুরোপুরি ভালোবাসার। যে ভালোবাসা যত্নে রাখতে হয়, ভালোবাসাকে ভালো বাসতে হয়।’

‘আইসক্রিম’ প্রযোজনা করেছে, পপকর্ণ ফিল্মস, পিংপং এন্টারটেইনমেন্ট ও টপ অব মাইন্ড।