আসছে 'মুসাফির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসাফির ছবির ফটোশুটে মারজান জেনিফা ও আরিফিন শুভ
মুসাফির ছবির ফটোশুটে মারজান জেনিফা ও আরিফিন শুভ

বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন অভিনেতা আরিফিন শুভ। ঢাকায় এসে কাজও শুরু করেছেন। কাজের ফাঁকে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে। শুভর নতুন এই ছবির নাম মুসাফির। পরিচালক আশিকুর রহমান জানিয়েছেন, পুরান ঢাকায় আজ ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবিটি নিয়ে আশাবাদী শুভ। বললেন, ‘এই ছবিতে আমার সঙ্গে নতুন একজন অভিনেত্রী কাজ করবেন। আর গল্পটাও চমত্কার। সবকিছু ঠিকমতো হলে দারুণ একটা ছবি উপহার পাবেন দর্শক।’
কিস্তিমাত ছবিটি পরিচালনা করে এরই মধ্যে বড় পর্দায় নিজের অভিষেক ঘটিয়েছেন আশিকুর রহমান। মুক্তির অপেক্ষায় আছে গ্যাংস্টার রিটার্নস নামের আরেকটি ছবি। নতুন ছবিটি নিয়ে পরিচালক বললেন, ‘গল্পটা পেশাদার খুনিদের নিয়ে। পেশাদার খুনিদেরই একজন আরিফিন শুভ। যার ওপর দায়িত্ব পড়ে নায়িকাকে খুন করার। কিন্তু খুন নয়, উল্টো প্রেমে পড়ে শুভ। তার পরই গল্পটা এগিয়ে চলে। বলতে পারেন অ্যাকশন-থ্রিলার ছবি মুসাফির।’
২০ মার্চ এফডিসিতে হয়ে গেল ছবিটির মহরত। ছবিতে শুভর বিপরীতে থাকছেন মারজান জেনিফা। এর আগে তিনি রোমান্স নামে একটি ছবিতে কাজ করলেও সেটির ভবিষ্যৎ অনিশ্চিত।
মারজান বললেন, ‘রোমান্স বাদ দিলে আমার প্রথম ছবি মুসাফির। আশা করছি, দর্শকদের মনে জায়গা করে নিতে পারব।’ সবকিছু ঠিক থাকলে এ বছরেই মুক্তি পাবে মুসাফির।