আস্ত ট্রেন ভাড়া করে শুটিং
কোনো কোনো নাটকে গল্পের প্রয়োজনে একটা বগি ভাড়া করে চলন্ত ট্রেনে শুটিং হয়। সেটা দুই–তিন ঘণ্টার জন্য হয়ে থাকে। আবার কেউ কেউ গল্পের প্রয়োজনে একটা বগি ভাড়া করে এক জেলা থেকে আরেক জেলায় যেতে যেতে শুটিং করেন। কিন্তু এবার ‘শ্বাপদ’ নামে একটি টেলিছবির শুটিংয়ে তিন দিনের জন্য আস্ত একটা ট্রেন ভাড়া করা হয়েছে। গেল শনিবার পার্বতীপুর রেলস্টেশন ও দিনাজপুরে বিভিন্ন রেল স্থাপনায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
গল্পের প্রয়োজনেই এতগুলো বগি তিন দিনের জন্য ভাড়া করতে হয়েছে, জানালেন টেলিছবিটির প্রযোজক পিকলু চৌধুরী। প্রযোজক বললেন, ‘পুরো গল্পটাই রেলস্টেশন ও রেলগাড়িতে। সুতরাং গল্পের বাস্তবতা আনতেই এভাবে করা। এটি একটি ব্যয়বহুল কাজ। টেলিভিশন ও ইউটিউবের জন্য নির্মিত ৬০ মিনিটের একটি কনটেন্টের জন্য এত বড় বাজেটে কাজ সাধারণত আমাদের এখানে দেখা যায় না।’ প্রযোজক জানালেন, এ টেলিছবিতে সব মিলে প্রায় দেড় শ শিল্পী কাজ করেছেন।
স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি সেনাসদস্যদের হুকুমে ট্রেনের বগিতে করে লাশ বহন করার আগে কুমিল্লা রেলস্টেশনের পরিচালক ও রেলের ড্রাইভারের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে এ টেলিছবির গল্প।
গল্পের ঘটনাস্থল কুমিল্লা। দিনাজপুর ও পার্বতীপুরে শুটিং করলেন কেন? জানতে চাইলে প্রযোজক বলেন, ‘ঘটনার সময়কাল ১৯৭১ সাল। পার্বতীপুর ও দিনাজপুরের রেলস্টেশন ও স্থাপনাগুলো অনেক পুরোনো। গল্পের ঘটনার সময়কালের সঙ্গে বেশ মানিয়ে যায়। এ কারণেই।’
মাসুম শাহরিয়ারের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। টেলিছবিটিতে স্টেশন পরিচালক ও ট্রেনের ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও শতাব্দী ওয়াদুদ। এ কাজ করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন তারিক আনাম খান। বলেন, ‘আমার চরিত্রটি ভয় জয় করে উঠে আসা প্রতিবাদী এক স্টেশন পরিচালক। রেলস্টেশনে তিন রাত জেগে ঠান্ডার মধ্যে কাজ করেছি। টেলিছবিটির গল্প ও শুটিংয়ের আয়োজনে মন ভরে গেছে। এ কারণে শীতের মধ্যে এত কষ্ট সহ্য করেও কাজটি করেছি। আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা।’
‘শ্বাপদ’-এ আরও অভিনয় করেছেন শম্পা রেজা, শবনম ফারিয়া ও নাঈম।