ইউটিউবে শাকিব-অপুর ট্রেলার
ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের নতুন ছবির ট্রেলার। এই ছবিতে আরও আছেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল। শাকিব, অপু ও ইন্দ্রনীলকে নিয়ে ছবিটি নির্মাণ করছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। এখনো সম্রাট ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি। তারপরও দর্শকদের কথা চিন্তা করে নির্মাতা রাজ সম্প্রতি ইউটিউবে ছবিটির একটি ট্রেলার উন্মুক্ত করেছেন।

প্রথম আলোকে রাজ বলেন, ‘স্টাইল, গ্ল্যামার, অ্যাকশন, প্রেম ও হৃদয়ছোঁয়া সুর আর নাচ—এক সম্রাটের ভেতর আছে এত কিছু। ছবিটি নিয়ে এরই মধ্যে সবার মধ্যে নানা কৌতূহল শুরু হয়েছে। সবার আগ্রহ আর কৌতূহল আরও বাড়িয়ে দিতে সম্রাট ছবির ফাস্ট লুক মুক্তি দিয়েছি।’
সম্রাট ছবির ট্যাগ লাইন দ্য কিং ইজ হিয়ার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। রাজা চরিত্রে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই দুই নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ।

সম্রাট ছবির শুটিং শুরু ১ জুন। খুব শিগগিরই ছবিটির দ্বিতীয় লটের কাজ শুরু করবেন বলে জানান রাজ।
রাজ এর আগে ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’ এবং ‘তারকাটা’ নামের তিনটি ছবি নির্মাণ করেন। এর মধ্যে ‘ছায়া-ছবি’ ছবিটি এখনো মুক্তি পায়নি। রাজ বলেন, ‘আমার বিশ্বাস, সম্রাট ছবিটি বাণিজ্যিক ছবির ক্ষেত্রে একটা নতুনত্ব সৃষ্টি করত সক্ষম হবে। ফাস্ট লুকেই সেই আভাস পাওয়া যাবে। এই ছবিটি আমার আগের তিনটি ছবির চেয়ে পুরোপুরি আলাদা। এটা আমার স্বপ্নের ছবিও বলতে পারেন।’