ঈদের ছবির বয়স এক সপ্তাহ পেরোল। রাজনীতি, নবাব, বস ২ নিয়ে চলছে বিস্তর আলোচনা—ভালো-মন্দ, নিয়ম-অনিয়ম। তবে দর্শক ঈদের দিন থেকে উৎসবের রীতি মনে করেই ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে। দেখেছেন ঈদের ছবি। দেশের বিভাগীয় শহরগুলোর প্রেক্ষাগৃহে ঈদ কতটা আনন্দ নিয়ে এসেছে, সেই খবর জানিয়েছেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা।
এবারের ঈদে সিলেটের নন্দিতা সিনেমা হলে চলছে জিৎ-শুভশ্রী-নুসরাত ফারিয়ার ছবি বস ২। বিজিবি অডিটরিয়ামে চলছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এবং শাকিব-শুভশ্রী অভিনীত নবাব। গত মঙ্গলবার হল এলাকা ঘুরে দেখা গেছে, দর্শকসমাগম ভালোই। হলসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদের দিন এবং মঙ্গলবার কয়েকটি শো হাউসফুল হয়েছে। ঈদের সময় ভালো ছবি এলে হল হাউসফুল থাকে বলে জানান তাঁরা। ঈদ ছাড়াও ভালো ছবি মুক্তি পেলে অনেকেই খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ছবি দেখতে আসেন। হলের আসনসংখ্যা বাড়িয়ে অভ্যন্তর আরও উন্নত করা হলে দর্শকসংখ্যা বাড়বে।
ঈদের দিন নন্দিতা সিনেমা হলের সামনে কথা হয় সুনামগঞ্জ থেকে ঈদে সিলেটে বেড়াতে আসা আহমেদ জহুরের সঙ্গে। তিনি জানান, ঈদের সময় ছাড়া সিনেমা হলে গিয়ে ছবি দেখা হয় না। ছবি কেমন হয়েছে—জানতে চাইলে জহুর জানালেন, ভালোই ছিল, তবে গরমের কারণে ভালোভাবে দেখতে পারেননি।
দিনের শো শেষে বাইরে দেখা গেল টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। বাইরেও ব্ল্যাকে টিকিট বিক্রির হাঁকডাক শোনা গেল।
নন্দিতা সিনেমা হলের ব্যবস্থাপক মোস্তফা চৌধুরী বলেন, ‘দুই দিন ধরে বস ২ হাউসফুল চলছে। দর্শকসমাগমও ভালোই দেখছি।’ হলের ভেতরে দর্শকদের দুর্ভোগের কথা জানতে চাইলে তিনি জানান, ঈদ ছাড়া তেমন দর্শক না থাকায় এর মেরামতকাজ টাকাপয়সার কিছু সমস্যার কারণে হয়ে উঠছে না। ভবিষ্যতে হলটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ঈদে ভালো ছবি ও দর্শক বেশি থাকায় ৫০০ আসনের হলটির প্রতিটি শো প্রায়ই হাউসফুল হয়।