ঈদে ভিড় ছিল, এখন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনের সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ থাকছে রংপুর ও সিলেটের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
রংপুরের শাপলা টকিজে শো শুরুর আগে দর্শকেরা l ছবি: প্রথম আলো
রংপুরের শাপলা টকিজে শো শুরুর আগে দর্শকেরা l ছবি: প্রথম আলো

এবারের ঈদে রংপুরের একমাত্র সিনেমা হলে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। হলভর্তি দর্শক আশিকী ছবিটি দেখেছেন।
রংপুর নগরের শাপলা মোড়ে অবস্থিত শাপলা টকিজে এবার ঈদে আশিকী ছবিটি মুক্তি পেয়েছে।
সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৭০০ আসনবিশিষ্ট এই হলে এবার দর্শকের উপস্থিতি ভালো ছিল। সকাল থেকে রাত পর্যন্ত চারটি শো চলেছে। ঈদের দিন ও এর পরদিন হল পরিপূর্ণ ছিল।
গত সোমবার বেলা তিনটার শোর আগে সরেজমিনে জানা যায়, টিকিট বিক্রির হার সন্তোষজনক। দিনের মধ্যে বেলা সাড়ে ১১টা ও ৩টার শোতে দর্শক সমাগম ভালো থাকলেও রাতের শোতে দর্শক কমে যায়। কেননা, দিনের বেলার দর্শক হলো অধিকাংশ কলেজপড়ুয়া শিক্ষার্থী।
পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও বেশ ভালো বলে দেখা গেছে। এ সময় কথা হয় অনেক দর্শকের সঙ্গে। দল বেঁধে বন্ধু ও সহপাঠীরা সিনেমা দেখতে এসেছেন।
কারমাইকেল কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী সুলতানা আক্তার বলেন, অনেক দিন পর সিনেমা হলে আসা। সামাজিক ও পরিচ্ছন্ন ছবি জেনে হলের বড় পর্দায় সিনেমা দেখার মজাই আলাদা।
সুলতানার সঙ্গে থাকা সহপাঠী শিরিন আক্তার বলেন, নির্মাতারা কিছু ভালো ছবি বানালে ঠিকই দর্শক সিনেমা হলে ছুটে আসবেন। ভালো ছবি দেখার জন্য হলে এর আগেও ভিড় হয়েছে।
হলের ব্যবস্থাপক শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, সিনেমা দেখতে যতটা ভিড় হবে বলে আশা করা হয়েছিল, ততটা হয়নি। ঈদের দিন ও ঈদের পরদিন দর্শক পরিপূর্ণ থাকলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে।