ঈদের ছুটির পর আবারও দর্শক-খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনের সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ থাকছে রংপুর ও সিলেটের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
সিলেটের আখালিয়ায় বিজিবি অডিটোরিয়ামের বাইরের দৃশ্য l ছবি: প্রথম আলো
সিলেটের আখালিয়ায় বিজিবি অডিটোরিয়ামের বাইরের দৃশ্য l ছবি: প্রথম আলো

বছর পাঁচেক আগেও সিলেট শহরে আটটি প্রেক্ষাগৃহ ছিল। এখন আছে মাত্র দুটি, তাও চলছে কোনো রকমে। ঈদের ছুটির দিনগুলোতে দর্শকদের কিছুটা ভিড়ভাট্টা ছিল। তারপর আবার দর্শকবিহীন।
গত বৃহস্পতিবার নগরের তালতলা এলাকায় নন্দিতা সিনেমা হল ও আখালিয়া এলাকায় বিজিবি অডিটোরিয়াম ঘুরে এ চিত্র পাওয়া গেছে। ফারিয়া-অঙ্কুশ অভিনীত আশিকী চলছে নন্দিতায় এবং বিজিবি অডিটোরিয়ামে চলছে শাকিব-অপুর রাজা বাবু।
বেলা আড়াইটার দিকে নন্দিতা প্রাঙ্গণে দেখা যায়, টিকিট কাউন্টারে নেই কোনো ভিড়। ইসমাইল হোসেন নামের এক দর্শক বলেন, ‘ভাই, এখন তো বাড়িতে বসেই ইন্টারনেটে ছবি দেখে নেওয়া যায়। আমি এসেছি শখের বশে, বড় পর্দায় ছবি দেখব বলে।’
নন্দিতা সিনেমা হলের টিকিট বিক্রেতা হারুন অর রশিদ বলেন, ‘হলে দর্শক ধারণক্ষমতা ৫০০। ঈদের পরের কয়েক দিনের শোগুলো মোটামুটি হাউসফুল ছিল। কিন্তু এখন দর্শক কম।’ গতকাল শুক্রবার টিকিট বিক্রি হয় বৃহস্পতিবারের চেয়ে বেশি। ভিড়ও আগের দিনগুলোর তুলনায় খানিকটা বাড়ে।
হল কর্তৃপক্ষ জানায়, দর্শকের অভাবেই গত পাঁচ বছরের ব্যবধানে সিলেটের ঐতিহ্যবাহী রংমহল, লালকুঠি, কাকলী, অবকাশ, দিলশাদ, মনিকা সিনেমা হলগুলোর মালিকেরা ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
ঈদের ছুটি শেষ হওয়ার পরের কয়েকটি দিনে বিজিবি অডিটোরিয়াম সিনেমা হলে গিয়ে দেখা গেছে, ৪৫০ আসনবিশিষ্ট হলটির অধিকাংশই ফাঁকা। হল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঈদের ছুটির দিনগুলোয় অনেক দর্শক তাঁরা পেয়েছিলেন। গত কয়েক দিনে তাঁদের ব্যবসা আবারও পুরোনো রূপে ফিরে গেছে।